রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পূর্ব উজানচরে কয়েক ব্যক্তি কালভার্টের বিপরীতে মাটি ভরাট করায় পানিপ্রবাহ বন্ধ হয়ে গেছে। ফলে, ওই অঞ্চলের প্রায় ৩০০ একর জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় চাষাবাদ করতে পারছেন না কৃষকেরা। এ বিষয়ে এলাকার কৃষকেরা সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন।খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার উজানচর ইউনিয়নের পূর্ব উজানচর দরাপের ডাঙ্গা এলাকায় নির্মিত কালভার্টের বিপরীতে চলতি বছরের মে মাসের প্রথমে স্থানীয় ইউছুপ মোল্যা ও লিয়াকত আলী যন্ত্র দিয়ে মাটি খনন করে বসতভিটা তৈরি করেন। এতে কালভার্টের মুখ আটকে পানিনিষ্কাশনের পথ বন্ধ হয়ে যায়। এরপর বৃষ্টি ও বর্ষার পানি বের হওয়ার কোনো পথ খোলা না থাকায় দরাপের ডাঙ্গা, ওমেদ আলী বেপারীপাড়াসহ আশপাশের এলাকার প্রায় ৩০০ একর জমিতে জলাবদ্ধতা তৈরি হয়। বন্ধ হয়ে যায় এলাকার কৃষিজমিতে চাষাবাদ।দরাপের ডাঙ্গা এলাকার কৃষক আবেদ আলী সরদার (৪০) বলেন, নিজের প্রায় ১০ বিঘা জমিতে পানি আটকে থাকায় কোনো ফসলই চাষাবাদ করতে পারছেন না। জসিম উদ্দিন মোল্যা (৭০) বলেন, ‘এই চহে (মাঠে) আমার তিন বিঘা জমির সবটুকুই পানির নিচে পইড়া আছে। এত বছর কোনো সমস্যা হইল না। এই কালভার্ট বন্ধ কইরা দেওয়ার পর থেইকা পানি বাইর হতে না পারায় কোনো কিছুই চাষাবাদ করতে পারছি না। চাষাবাদ করতে না পারলে খামু কী করে।’অভিযুক্ত কৃষক লিয়াকত আলী বলেন, কালভার্ট সোজা জমির মালিক ইউছুপ মোল্যা নদী থেকে মাটি তুলে বাড়ি করার জন্য ভরাট করে। এ ছাড়া ওই খালের ওপর দিয়ে তিন-চার বছর আগে অনেকেই বাড়িঘর তৈরি করে বসবাস করছে। পরে তাঁর বাড়িতে জায়গা না হওয়ায় পাশে মাটি ভরাট করেন। কিন্তু পানি বের হতে না পারার ব্যাপারে তিনি সমাধান করার চেষ্টা করলেও ইউছুপ মোল্যা এগিয়ে আসেননি। ইউছুপ মোল্যার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।উজানচর ইউপি চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা বলেন, তিনি নতুন দায়িত্ব নিয়েছেন। আগে কী হয়েছে, সেটা আগের চেয়ারম্যান বলতে পারবেন। তবে জলাবদ্ধতার কারণে কৃষকেরা চাষাবাদ করতে না পারায় সমস্যা হচ্ছে বলে তিনি জেনেছেন। জরুরিভাবে কালভার্টের মুখ খুলে দেওয়া প্রয়োজন।ইউএনও মোহাম্মদ নাসির উদ্দীন গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, কৃষকদের অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইতিমধ্যে ভূমি কার্যালয়ে নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত কালভার্টের মুখ খুলে দিয়ে পানিনিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হবে।