গোয়ালন্দের এক তরুণ চার দিন নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উত্তর উজানচর নতুন পাড়া গ্রামের মোসলেম শেখের ছোট ছেলে ইবাদুল শেখ (১৬) চার দিন ধরে নিখোঁজ। অজ্ঞাত স্থান থেকে একাধিকবার মুঠোফোনে তাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানানো হলেও পুলিশ লাশ পায়নি।গতকাল বুধবার ইবাদুল শেখের বড় দুই ভাই আবু বক্কর ছিদ্দিক ও আমির শেখ জানান, গত রোববার সকালে বাড়ি থেকে বের হয় ইবাদুল। সন্ধ্যা ঘনিয়ে এলেও আর ফিরে আসেনি। পরদিন বেলা আড়াইটা থেকে তিনটার মধ্যে প্রায় চারবার অজ্ঞাত স্থান থেকে ইবাদুলের মুঠোফোন (০১৯৪৭-৭২৯৬৬৮) থেকে অজ্ঞাত ব্যক্তি প্রতিবেশী সুলতান ও আলমগীরের কাছে ফোন করে জানায়, মেহেরপুর সদর উপজেলার একটি ফাঁকা জায়গায় ইবাদুলকে হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে। এ সময় তার গায়ের রং ও পোশাকের বর্ণনা দিলে পরিবারের সবাই বিষয়টিকে সত্য হিসেবে ধরে নেন। পরিবারের লোকজন ও নিকটাত্মীয়রা বিভিন্নভাবে খোঁজ করে তার সন্ধান পায়নি। গত মঙ্গলবার গোয়ালন্দঘাট থানায় ইবাদুলের বড় ভাই আনোয়ার হোসেন একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।ইবাদুল শেখ পঞ্চম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করার পর প্রায় তিন বছর আগে বাবার সঙ্গে কৃষিকাজের কাজ করত। ১৫ ডিসেম্বর ইবাদুলের সঙ্গে প্রতিবেশী দুই ব্যক্তির সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে বাগিবতণ্ডা ও মারামারির ঘটনা ঘটে। ওই রাতে ইবাদুলকে মুঠোফোনে হত্যার হুমকিও দেওয়া হয়। পরিবারের ধারণা, ওই ঘটনার জেরে ইবাদুলকে অপহরণ করা হতে পারে।গোয়ালন্দঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শাহিন জানান, গুলি করে হত্যার পর লাশ ফেলে রাখার বিষয়ে ইবাদুলের মুঠোফোন থেকে অজ্ঞাত স্থান থেকে কারা ফোন করেছিল, বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা করা হচ্ছে। ওই সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর থানাসহ আশপাশের থানাগুলোয়ও খোঁজ নিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়নি।