গোয়ালন্দের পদ্মায় ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ ও গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে ডাকাতির ঘটনায় পুলিশ গতকাল বুধবার দুপুরে ডাকাত দলের ব্যবহূত ট্রলারটি জব্ধ ও এর মালিক নুর জামাল বেপারীকে (৩৫) গ্রেপ্তার করেছে। নুর জামাল মানিকগঞ্জের দৌলতপুর থানার ব্রাহ্মনদি গ্রামের চান মিয়া বেপারীর ছেলে।
এর আগে মঙ্গলবার ডাকাত দলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে যাত্রীবাহী ট্রলারের চালক মানিকগঞ্জের শিবালয় উপজেলার নিয়ালপুর গ্রামের নজরুল ইসলাম (২৬) ও তাঁর সহকারী পাবনা সদরের বাউল চরা গ্রামের সোহেল প্রামাণিককে (১৭) গ্রেপ্তার করা হয়। সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে গতকাল এ দুজনকে রাজবাড়ীর মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়েছে।
গোয়ালন্দঘাট থানা পুলিশ জানায়, গত মঙ্গলবার সকালে মানিকগঞ্জের আরিচাঘাট থেকে একটি যাত্রীবোঝাই ট্রলার কাজিরহাটে যাওয়ার পথে দৌলতদিয়া ইউনিয়নের চর দেউলি এলাকায় পৌঁছালে আগে থেকে কাশবনে লুকিয়ে থাকা ১০-১২ জন ডাকাত হামলা চালায়। এ ছাড়া ডাকাত দলের ট্রলারে থাকা আরও সাত-আটজন তাদের সঙ্গে যোগ দেয়। এ সময় ট্রলারের ৪০-৪৫ জন যাত্রীর কাছ থেকে নগদ ১০-১২ লাখ টাকাসহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায় ডাকাতেরা।
এ ঘটনায় মঙ্গলবার রাত ১২টার দিকে ট্রলারযাত্রী মনিকগঞ্জের শিবালয় উপজেলার নিয়ালপুর গ্রামের নুরু মিয়া বাদী হয়ে গোয়ালন্দ থানায় একটি মামলা করেন।
গোয়ালন্দঘাট ও শিবালয় থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে মঙ্গলবার ডাকাত দলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে যাত্রীবাহী ট্রলারের চালক ও তাঁর সহকারীকে আটক করে। পরে তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী গতকাল দুপুরের দিকে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা এলাকা থেকে ডাকাতদের ব্যবহূত ট্রলারটি জব্দ এবং ট্রলারের মালিক নুর জামাল বেপারীকে গ্রেপ্তার করা হয়।
গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার ও উপপরিদর্শক (এসআই) ফিরোজ আহম্মেদ জানান, ডাকাতির কাজে ব্যবহূত ট্রলারের ইঞ্জিনটি স্বাভাবিক ট্রলারের ইঞ্জিনের মতো নয়। সাধারণ ট্রলারে ১২ থেকে ১৫ হর্সের ইঞ্জিন থাকে। কিন্তু এটির ইঞ্জিন ৩৫ হর্সের। নুর জামাল বেপারী ও জব্দ ট্রলার গোয়ালন্দঘাট থানায় আনা হয়েছে।