গোয়ালন্দের সেই ছাত্রলীগের নেতাকে বহিষ্কারের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের আইনবিষয়ক সম্পাদক আল-মাহমুদ ওরফে মিশাকে দল থেকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। উপজেলা ছাত্রলীগ এ সংক্রান্ত একটি আবেদনপত্র গত মঙ্গলবার রাতে জেলা ছাত্রলীগের বরাবরে পাঠিয়েছে। গোয়ালন্দ বাজারে গত সোমবার রাতে দুটি ব্যবসায়িক প্রতিষ্ঠান ভাঙচুরের অভিযোগে পরদিন মঙ্গলবার ভোরে তাঁকে গ্রেপ্তার করা হয়। উপজেলা ছাত্রলীগের দপ্তরবিষয়ক সম্পাদক আবু বক্কার স্বাক্ষরিত আবেদনপত্রে উল্লেখ করা হয়, ওই নেতা চাঁদা না পেয়ে সোমবার রাতে গোয়ালন্দ বাজারের বিধানের মিষ্টির দোকান এবং ইমন টেলিকম ভাঙচুর করেন। গোয়ালন্দের সর্বস্তরের মানুষ ও বাজারের ব্যবসায়ী পরিষদ এ কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে ব্যবস্থা নেওয়ার জোরালো দাবি জানায়। এতে দলের ভাবমূর্তি চরম ক্ষুণ্ন হয়। বিষয়টি নিয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি, সম্পাদকসহ অন্য নেতারা আলোচনায় বসে এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন এবং তাঁকে দল থেকে বহিষ্কারের ব্যাপারে সবাই একমত পোষণ করেন।উপজেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম বলেন, ‘আমরা প্রাথমিকভাবে তাঁকে দলের সাংগঠনিক পদ ও সদস্য পদ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে তা বাস্তবায়নের জন্য জেলা কমিটির বরাবরে পাঠিয়েছি।’গোয়ালন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার তিন দিনের রিমান্ডের আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করেন।