গোয়ালে অগ্নিসংযোগ গবাদিপশুর মৃত্যু
বগুড়ার ধুনটে ইটভাটার এক শ্রমিকের গোয়ালঘরে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ উঠেছে। অগ্নিকাণ্ডে একটি বিদেশি জাতের গাভি ও ২০টি হাঁস-মুরগি মারা গেছে। আগুন নেভাতে গিয়ে ঝলসে গেছে গৃহকর্তার শরীর। গত রোববার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের বাদশা মিয়া স্থানীয় একটি ইটভাটায় শ্রমিকের কাজ করেন। বাড়তি আয়ের জন্য গবাদিপশু পালন করেন তাঁর স্ত্রী। সম্প্রতি এলাকায় গরুচোরের উপদ্রব বেড়ে যাওয়ায় বাদশা মিয়া গবাদিপশু পাহারা দিতে গোয়ালঘরে রাত কাটান। রোববার রাতে গোয়ালঘরে ঘুমিয়ে পড়েন বাদশা মিয়া। রাত ১২টার দিকে দুর্বৃত্তরা গোয়ালঘরে আগুন লাগিয়ে দেয়। মুহূর্তের মধ্যে গোয়ালঘর ও পাশের রান্নাঘর ভস্মীভূত হয়। এতে গোয়ালঘরে থাকা একটি গাভি ও ২০টি হাঁস-মুরগি পুড়ে মারা যায়। এ সময় আগুন নেভানোর চেষ্টাকালে বাদশা মিয়ার মুখমণ্ডল ঝলসে যায়।
বাদশা মিয়া বলেন, তাঁর বাড়িতে বিদ্যুৎ-সংযোগ নেই। গোয়ালঘরে কয়েলও জ্বালানো ছিল না। গোয়ালঘরের পাশে কোনো চুলা ছিল না। তাঁর প্রশ্ন, তাহলে এত রাতে গোয়ালঘরে আগুন লাগল কীভাবে। তাঁর ধারণা, দুর্বৃত্তরা শত্রুতা করে গোয়ালঘরে আগুন দিয়েছে। তিনি এ ব্যাপারে আইনের আশ্রয় নেবেন।