গোয়েন্দা উপস্থিতির কারণে সিএইচটি কমিশনের সফর বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশাসন ও গোয়েন্দা সংস্থার লোকজনের উপস্থিতির কারণে গত শুক্রবার পার্বত্য চট্টগ্রাম কমিশনের (সিএইচটি) সদস্যরা বান্দরবান সফর বাতিল করেছেন। জানা গেছে, জেলা শহরের উজানিপাড়ায় পার্বত্য চুক্তির ১৪তম বার্ষিকী উদ্যাপন কমিটির সঙ্গে বৈঠকের জন্য কমিশনের সদস্যরা গেলে প্রশাসন ও গোয়েন্দা বিভাগের লোকজন সেখানে ভিড় করতে থাকেন। কমিশনের সদস্যরা তাঁদের উপস্থিতিতে কাজ করা সম্ভব নয় জানিয়ে তাঁদের দুই দিনের সফর বাতিল করে বান্দরবান ত্যাগ করেন। গতকাল শনিবার জেলা পরিষদে সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কমিশনের বৈঠক হওয়ার কথা ছিল। জানা গেছে, রাঙামাটি থেকে বান্দরবানে এসে কমিশনের সদস্যরা উজানিপাড়ায় ত্রিপুরা কল্যাণ সংসদে পার্বত্য চুক্তি উদ্যাপন কমিটির সঙ্গে বৈঠক করতে যান। সেখানে তাঁরা প্রশাসন ও গোয়েন্দা সংস্থার লোকজনের ভিড় দেখতে পান। কমিশনের দলপ্রধান কো-চেয়ার এলসা স্টেমাটোপাউলো তাঁদের সেখানে না থাকার অনুরোধ করেন। কিন্তু তাঁরা সরে যেতে চাননি। এ সময় কমিশনের দলপ্রধান এলসা স্টেমাটোপাউলো বলেন, কমিশনের কার্য-প্রক্রিয়া বৈঠকে অংশগ্রহণকারী ছাড়া কারও উপস্থিতির অনুমোদন করে না। তাই সফর বাতিল করা হলো। এরপর শুক্রবার সন্ধ্যায় চার সদস্যের কমিশন বান্দরবান ত্যাগ করে।বান্দরবানের এনডিসি রাশেদুল ইসলাম বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পার্বত্য মন্ত্রণালয়ের আদেশের ভিত্তিতে তাঁরা কমিশনের সদস্যদের নিরাপত্তা বিধান ও সফরসঙ্গী হিসেবে জেলা প্রশাসনের প্রতিনিধি হয়ে এসেছেন।