ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তিন পরিদর্শকের ঘুষ নেওয়ার ঘটনা তদন্তে গঠিত কমিটি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা পরিদপ্তরের (এনএসআই) কর্মকর্তাদের সাক্ষ্য নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজ রোববার তাঁদের বক্তব্য নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।গত শুক্রবার এনএসআইয়ের অভিযোগের ভিত্তিতে ডিবির তিন পরিদর্শককে সাময়িক বরখাস্ত করা হয়। এ ঘটনা তদন্তে ডিবির যুগ্ম কমিশনার মীর শহীদুল ইসলামকে প্রধান করে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।তদন্ত কমিটির প্রধান মীর শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালের সামনে ডিবির তিন পরিদর্শককে আটকের সময় এনএসআইয়ের যেসব কর্মকর্তা ছিলেন, ঘটনার ব্যাপারে তাঁদের বক্তব্য নেওয়া হবে। অভিযোগকারী জুয়েলকেও জিজ্ঞাসাবাদ করবে কমিটি। ডিবির তিন পরিদর্শকসহ ঘটনাসংশ্লিষ্ট ব্যক্তিদের সবার বক্তব্য নেওয়া হবে।সাময়িক বরখাস্ত হওয়া মো. রুহুল আমিন হলেন ডিবির পরিদর্শক। এ ছাড়া মো. গিয়াসউদ্দিন অবৈধ অস্ত্র উদ্ধার দলের এবং সফিউদ্দিন শেখ বোমা নিষ্ক্রিয়করণ দলের পরিদর্শক। ডিবির অবৈধ অস্ত্র উদ্ধার এবং বোমা নিষ্ক্রিয়করণ দলের প্রধান জ্যেষ্ঠ সহকারী কমিশনার ছানোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ডিবির তিন পরিদর্শককে আটকের পর এনএসআইয়ের কার্যালয়ে নিয়ে তাঁদের পেটানো হয়।