গোয়েন্দা নজরদারির জন্য গুরুত্বপূর্ণ এলাকায় ড্রোন ব্যবহার করবে একটি গোয়েন্দা সংস্থা। গতকাল বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত প্রতিরক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে সংস্থাটি এ তথ্য জানিয়েছে।
বৈঠকের কার্যপত্রে উল্লেখ করা হয়েছে, প্রতিকূল পরিবেশে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও গুরুত্বপূর্ণ এলাকার নিরাপত্তা বাড়ানোর জন্য সংশ্লিষ্ট এলাকায় মানুষবিহীন উড়ন্ত যান (ড্রোন) ব্যবহার করার পরিকল্পনা রয়েছে ওই গোয়েন্দা সংস্থার। এ ছাড়া গুরুত্বপূর্ণ অবস্থানের নিরাপত্তায় অ্যান্টি ড্রোন (ড্রোন প্রতিরোধী) পদ্ধতি সংযোজন করা হবে।
বৈঠক শেষে জানতে চাইলে সংসদীয় কমিটির সদস্য হোসেনে আরা বেগম প্রথম আলোকে বলেন, দেশের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে একটি গোয়েন্দা সংস্থা ড্রোন ব্যবহারের পরিকল্পনার কথা জানিয়েছে। কমিটি তাদের প্রস্তাবে সায় দিয়েছে।
তবে কমিটির সভাপতি সুবিদ আলী ভূঁইয়া বলেন, ড্রোন নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি। মূলত ডিজিএফআইয়ের জনবলকাঠামো নিয়ে আলোচনা হয়েছে। কমিটি সংস্থাটির জনবল বাড়ানোর সুপারিশ করেছে। বর্তমানে অনেক জায়গায় তারা ভাড়া বাড়িতে অফিস করছে। এতে তাদের কাজের গোপনীয়তা নষ্ট হয়। সে জন্য তাদের নিজস্ব জমি দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।
গোয়েন্দা সংস্থাটি দেশের ভিআইপি অবস্থানের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বিস্ফোরক ও অবৈধ মালামাল চিহ্নিত করতে তাদের পরিকল্পনা জানিয়ে কমিটিকে প্রতিবেদন দিয়েছে।
বৈঠকের কার্যপত্রে বলা হয়েছে, ঢাকার বাইরে গোয়েন্দা সংস্থাটির শাখা অফিসের জন্য জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। এতে আরও বলা হয়েছে, কাকরাইলে সংস্থাটির সাড়ে তিন একর জমির মধ্যে এক একর মাতৃভাষা ইনস্টিটিউটের কাছে হস্তান্তর করা হয়েছে। অবশিষ্ট জমি প্রস্তাবিত প্রাকৃতিক ইতিহাস জাদুঘর নির্মাণের জন্য হস্তান্তরের বিষয়ে একমত পোষণ করা হয়েছে। তাই সংস্থাটির কাজের সুবিধার্থে সুবিধাজনক স্থানে এক একর জমি হস্তান্তরের প্রস্তাব করা হয়েছে।
সভায় আরও জানানো হয়, ডিজিএফআইয়ের কর্মকর্তা-কর্মচারীদের বাসস্থান সমস্যার সমাধানে সম্প্রতি একনেকে ১৫০ কোটি টাকার প্রকল্প অনুমোদন করা হয়েছে। এ ছাড়া প্রধানমন্ত্রী সংস্থায় কর্মরত সবার জন্য ৩০ শতাংশ বিশেষ ভাতা অনুমোদন করেছেন।
সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহ্, মাহমুদ উস সামাদ চৌধুরী ও হোসনে আরা বেগম অংশ নেন।