গোয়েন্দা পরিচয়ে ছিনতাই, গ্রেপ্তার ১
পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য পরিচয় দিয়ে এক ব্যবসায়ীকে আটক করে সাড়ে নয় লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার হাতকোপা এলাকায় ওই ব্যবসায়ীকে গাড়িতে তুলে নেয় দুর্বৃত্তরা।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, গতকাল দুপুরে উপজেলার মাধবপুর গ্রামের চালের ব্যবসায়ী কামাল হোসেন মোগরাপাড়া চৌরাস্তার একটি ব্যাংক থেকে সাড়ে নয় লাখ টাকা উত্তোলন করেন। পরে তিনি জমি নিবন্ধনের জন্য সিএনজিচালিত অটোরিকশাযোগে সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের উদ্দেশে রওনা হন। সোনারগাঁ পৌরসভার হাতকোপা এলাকায় পৌঁছার পর একটি মাইক্রোবাস কামালের অটোরিকশার গতিরোধ করে। এ সময় মাইক্রোবাসের আরোহীরা নিজেদের গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে হাতকড়া পরিয়ে তাঁকে মাইক্রোবাসে তুলে নেয়। গজারিয়া উপজেলার ভবেরচর এলাকায় নিয়ে কামালকে মারধর করে গাড়ি থেকে নামিয়ে দেয়। এর পর ছিনতাইকারীরা ঢাকার দিকে চলে যেতে থাকে। এ সময় ব্যবসায়ী কামাল ঘটনাটি গজারিয়া থানায় জানান। পুলিশ তারবার্তার মাধ্যমে সোনারগাঁ থানার পুলিশকে বিষয়টি জানায়। খবর পেয়ে পুলিশ মহাসড়কের মদনপুর এলাকায় মাইক্রোবাসটি থামিয়ে ছিনতাইকারী দলের সদস্য কবির হোসেনকে (৩০) মাইক্রোবাসসহ গ্রেপ্তার করে।