গোয়েন্দা পুলিশ পরিচয়ে অপহরণের অভিযোগ
ফরিদপুরে গোয়েন্দা পুলিশ পরিচয়ে তানভীর রহমান (৪৫) নামের এক ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত রোববার ভোর পাঁচটার দিকে শহরের টেপাখোলা এলাকার লতিফ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
ওই বাড়ির দোতলায় তানভীর রহমান ও তাঁর স্ত্রী সেলিনা রহমান দুই সন্তান নিয়ে ভাড়া থাকেন।
সেলিনা রহমান বলেন, ‘রোববার ভোর পাঁচটার দিকে ৮-১০ জন লোক নিজেদের গোয়েন্দা পুলিশ পরিচয় দিলে আমি দরজা খুলে দিই। তারা আমার স্বামীকে জিজ্ঞাসাবাদ করার কথা বলে তুলে নিয়ে যায়। পরে আমি গোয়েন্দা পুলিশের কার্যালয়ে গিয়ে জানতে পারি, তারা এ ঘটনায় সম্পৃক্ত নয়। দুপুর পর্যন্ত স্বামীর কোনো সন্ধান করতে না পেরে রোববার দুপুরে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি।’
গোয়েন্দা পুলিশ ফরিদপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘আমরা তানভীর রহমান নামের কাউকে তুলে আনিনি। আমাদের পরিচয় দিয়ে কারা এ কাজ করেছে, তা আমাদের জানা নেই।’