গোয়েন্দা পুলিশ পরিচয়ে ছিনতাই, দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে গোয়েন্দা পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার চট্টগ্রাম শহরে ও আনোয়ারা উপজেলায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। ওই ঘটনায় গত এপ্রিল মাসে ছিনতাইকারী দলের অন্য তিন সদস্যকে গ্রেপ্তার করেছিল র‌্যাব। গ্রেপ্তার হওয়া দুজন হলেন রানা নন্দী (২৬) ও মো. ইয়াকুব ওরফে বেদী (৩৬)। গতকাল বিকেলে চট্টগ্রাম মহানগর পুলিশ সদর দপ্তরের সম্মেলনকক্ষে এ-সংক্রান্ত তথ্য সংবাদকর্মীদের জানানো হয়। পুলিশ সূত্র জানায়, গত ১৩ মার্চ বিকেল পৌনে পাঁচটায় নগরের মনসুরাবাদ এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনার শিকার ব্যবসায়ী মো. কাশেম মিয়া প্রথম আলোকে বলেন, ‘ব্র্যাক ব্যাংকের আগ্রাবাদ শাখা থেকে পাঁচ লাখ টাকা তুলেছিলাম। আমার কাছে আরও ৭৫ হাজার টাকা ছিল। রিকশাযোগে মনসুরাবাদে আমার অফিসের কাছাকাছি পৌঁছালে একটি মাইক্রোবাস রিকশার গতিরোধ করে। এ সময় কয়েকজন সাদা পোশাকের লোক নিজেদের ডিবি পরিচয় দেয়।’ ঘটনার বর্ণনা দিয়ে কাশেম মিয়া বলেন, ‘তারা বলে, তোমার কাছে হুন্ডির টাকা আছে। তোমার বিরুদ্ধে অভিযোগ আছে। এ কথা বলে আমার হাতে হ্যান্ডকাফ পরিয়ে দেয়। মাইক্রোতে তুলে আমাকে মারধর করে। আমার চোখ বেঁধে পাঁচ লাখ ৭৫ হাজার টাকা, পাসপোর্ট ও কাগজপত্র ছিনিয়ে নেয়। পরে আমাকে রাস্তায় ফেলে দিয়ে চলে যায়।’ এ ঘটনায় গত মাসের তৃতীয় সপ্তাহে সেলিম (২৯), কামরুল ইসলাম (২৫) ও আবদুল হাকিম ওরফে পুলিশ হাকিমকে (৩৮) গ্রেপ্তার করে র‌্যাব। ওই সময় ছিনতাইয়ের কাজে ব্যবহূত মাইক্রোবাসটিও উদ্ধার করা হয়। এরপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গত মঙ্গলবার নগরের নিউমার্কেট এলাকা থেকে মো. ইয়াকুবকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরে ইয়াকুবের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী এলাকা থেকে রানা নন্দীকে গ্রেপ্তার করা হয়। সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. মনিরুজ্জামান বলেন, গোয়েন্দা পুলিশ পরিচয়ে ছিনতাই করা এই চক্রের মধ্যে খালেদ নামের এক সদস্য আগে র‌্যাবের সোর্স ছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু কৌশল খালেদের জানা ছিল। এই চক্রের সদস্যরা ছিনতাইয়ের সময় হ্যান্ডকাফ, ওয়াকিটকি ও ছোট অস্ত্র ব্যবহার করে।