গোয়েন্দা পুলিশ পরিচয়ে প্রতারণা, কনস্টেবল গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে প্রতারণা করার অভিযোগে ফখরুল ইসলাম নামের এক পুলিশ কনস্টেবলকে (কনস্টেবল নং ১৫৫৪৩) গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর কাছ থেকে ছিনতাই হওয়া একটি সিএনজিচালিত অটোরিকশা ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।গতকাল শুক্রবার সকালে ফতুল্লার মধ্য ধর্মগঞ্জ এলাকা থেকে ফখরুলকে গ্রেপ্তার করা হয়। এলাকাবাসীর বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন জানান, গতকাল সকালে গোপন সংবাদের ভিত্তিতে মধ্য ধর্মগঞ্জ এলাকা থেকে ফখরুল ইসলামকে আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ফখরুলের সহযোগী অপর পুলিশ কনস্টেবল আরিফুল ইসলাম ও সোর্স সাইফুল পালিয়ে যান।এ সময় উদ্ধার করা হয় ছিনতাই হওয়া একটি সিএনজিচালিত অটোরিকশা, একটি মুঠোফোন ও নগদ আট হাজার টাকা।ওসি মতিন আরও জানান, কনস্টেবল ফখরুল এর আগে নারায়ণগঞ্জ পুলিশ লাইনে কর্মরত ছিলেন। কয়েক মাস আগে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁকে রাজারবাগ পুলিশ লাইনে বদলি করা হয়। এক মাস ধরে তিনি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। কনস্টেবল ফখরুল ইসলাম ও আরিফুল ইসলাম রাজারবাগ পুলিশ লাইনের ৩ নম্বর কোম্পানি এসএফের সদস্য ছিলেন। তাঁরা প্রায় এক মাস ধরে কর্মক্ষেত্রে অনুপস্থিত ছিলেন। এ ঘটনায় অটোরিকশার মালিক জুয়েল বাদী মামলা করেছেন।