গোয়েন্দা পুলিশ পরিচয়ে মোটরসাইকেল ছিনতাই
গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে বেবি সুপার মার্কেট থেকে মোটরসাইকেল ও এক লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে। মোটরসাইকেলের মালিক কাওসার নিয়াজ ওরফে সাইমুন বলেন, ‘বুধবার রাতে আমি, বন্ধু নাহিদুল হক ও অপর এক বন্ধু মিলে বেবি সুপার মার্কেটের সামনে দাঁড়িয়ে কথা বলছিলাম। এ সময় চার যুবক একটি মাইক্রোবাস নিয়ে আমাদের সামনে এসে নিজেদের গোয়েন্দা পুলিশ পরিচয় দেয়। তারা আমার কাছ থেকে মোটরসাইকেল আর আমার বন্ধু নাহিদের কাছ থেকে এক লাখ চার হাজার টাকা ছিনিয়ে নেয়। এরপর আমাদের থানায় আসতে বলে। কিন্তু খুলশী থানায় গিয়ে দেখি তারা সেখানে নেই।’খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল লতিফ বলেন, ‘তিন যুবক রাতে থানায় এসে আমাকে বিষয়টি জানান। কিন্তু তাঁরা মাইক্রোবাসের কোনো নম্বর দিতে পারেননি। তা ছাড়া মোটরসাইকেলেরও কোনো নিবন্ধন নেই। ফলে এটা খোঁজ করা আমাদের জন্যও কঠিন হয়ে দাঁড়িয়েছে। তবে আমরা বিভিন্ন স্থানে খোঁজ নিচ্ছি।’জানা গেছে, নাহিদুল হকের বাড়ি বরিশালের মুলাদি। তিনি দুই সপ্তাহ আগে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। এ ঘটনায় খুলশী থানায় এজাহার দায়ের করা হয়েছে বলে মোটরসাইকেলের মালিক কাওসার নিয়াজ জানান।