গোয়েন্দা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জড়িত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে ফেনসিডিলসহ গোয়েন্দা পুলিশের তিন কনস্টেবল গ্রেপ্তার হওয়ার ঘটনায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের জড়িত থাকার অভিযোগ উঠেছে। ফেনসিডিল উদ্ধারে অভিযান পরিচালনাকারী নির্বাহী হাকিম আলমগীর কবির গতকাল রোববার মামলার তদন্ত কর্মকর্তাকে এমন তথ্য দেন বলে জানা গেছে।এদিকে ফেনসিডিল উদ্ধারের ঘটনার মামলার সাক্ষীদের পুলিশ হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাতে নির্বাহী হাকিম আলমগীর কবিরের নেতৃত্বে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা নগরের গুড়িপাড়া এলাকা থেকে ৯৫৪ বোতল ফেনসিডিলসহ তিনজন কনস্টেবলকে গ্রেপ্তার করে।সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজশাহী মহানগর ট্রাফিক পুলিশের সহকারী কমিশনার মনিরুল ইসলাম এ ঘটনার বিভাগীয় তদন্ত করেছেন। গতকালই তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা। গতকাল রাত নয়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়নি।সূত্র জানায়, মনিরুল ইসলাম গতকাল নির্বাহী হাকিম আলমগীর কবিরের সাক্ষ্য নেন। গ্রেপ্তার হওয়া তিন পুলিশ কনস্টেবলের উদ্ধৃতি দিয়ে আলমগীর কবির বলেন, ঘটনার সঙ্গে গোয়েন্দা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জড়িত। গ্রেপ্তার হওয়ার সময়ও তিনজন কনস্টেবল এ অভিযোগ করেন। এ ব্যাপারে জানতে চাইলে মনিরুল ইসলাম বলেন, তদন্ত শেষ করে তিনি এ বিষয়ে কথা বলবেন। একটি সূত্র জানায়, এ মামলায় নগরের গুড়িপাড়া এলাকার স্থানীয় ২০ ব্যক্তিকে সাক্ষী করা হয়েছে। তাঁদের কয়েকজন গতকাল রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী সদর ‘এ’ সার্কেলের কার্যালয়ে অভিযোগ করেন, সাক্ষ্য না দিতে পুলিশ সদস্যরা তাঁদের ভয়ভীতি দেখাচ্ছেন। এ কারণে তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। পরিদর্শক ভূপতি কুমার অভিযোগ জানানোর সত্যতা নিশ্চিত করেন।