দেশের গোয়েন্দা সংস্থাগুলোকে সব সময় রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। এতে সংস্থাগুলোর পেশাগত স্বকীয়তা ক্ষতিগ্রস্ত হচ্ছে, উপেক্ষিত হচ্ছে জাতীয় স্বার্থ।গতকাল শনিবার রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স (বিলিয়া) আয়োজিত এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। ‘বাংলাদেশে গোয়েন্দা সংস্থার সংস্কার: অগ্রগতি ও চ্যালেঞ্জ’ শীর্ষক ওই সেমিনারে সভাপতিত্ব করেন সাবেক নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন।সেমিনারে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) মুহা. নূরুল হুদা বলেন, গোয়েন্দা সংস্থাগুলোকে রাজনৈতিক স্বার্থে নয়, জাতীয় স্বার্থে ব্যবহার করতে হবে। আইন-বিধিনিষেধ ও তার বাস্তব প্রয়োগ ঘটিয়ে সংস্থাগুলোর পেশাগত মান বাড়াতে হবে। তিনি আরও বলেন, ‘আমাদের থিংকিং আছে থিং ট্যাংক নাই।’ একজন বক্তা র্যাবের গুলিতে পা হারানো লিমনের প্রসঙ্গ তোলার পর নূরুল হুদা মাইক্রোফোন নিয়ে বলেন, ‘আমি বুঝি না, পলিটিশিয়ানরা এত স্পাইনলেস কেন? লিমনের বিষয়টি ডিফেন্ড করতে গিয়ে তারা নিজেরাই নিজেদের পা কাটছে।’ আরেক সাবেক আইজিপি খোদা বকস চৌধুরী বলেন, গোয়েন্দা সংস্থাগুলোর সফলতার পাশাপাশি ব্যর্থতাও থাকবে। তবে ব্যর্থতার কারণ নির্ণয় করে তা শোধরাতে হবে। দেশ ও জাতির স্বার্থে গোয়েন্দা সংস্থার কার্যক্রম নিয়ে খোলামেলা আলোচনার প্রয়োজন আছে বলে মত দেন বিলিয়ার পরিচালক ও আইনজীবী শাহদীন মালিক। তিনি বলেন, গোয়েন্দা সংস্থা নিয়ে অধিকতর গবেষণা দরকার। সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিস)-এর গবেষণা সেলের পরিচালক শাহীন আফরোজ বক্তব্য দেন।সেমিনারে গবেষণাপত্র তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক এ এস এম আলী আশরাফ। এতে তিনি বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাজের সমন্বয়, সন্ত্রাস দমন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গঠন এবং কয়েকটি গোয়েন্দা সংস্থার সংস্কার কার্যক্রমের কথা উল্লেখ করেন। তিনি বলেন, এসব কার্যক্রমের মাধ্যমে গোয়েন্দা সংস্থাগুলোর কাজকর্মে কিছুটা অগ্রগতি হলেও অনেক ক্ষেত্রে এখনো সীমাবদ্ধতা রয়ে গেছে।সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁরা দলীয় বিবেচনায় গোয়েন্দা সংস্থায় নিয়োগ, সংস্থাগুলোর কাজের সমন্বয়হীনতা, অতিমাত্রায় গোপনীয়তা রক্ষাসহ বিভিন্ন সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। তবে সেমিনারে উপস্থিত প্রায় সবাই একমত হন যে আগে এসব বিষয়ে প্রকাশ্যে আলোচনার ক্ষেত্রে বাধা ছিল। এখন কিছুটা হলেও তা কমেছে।