গোয়েন্দা সংস্থার ব্যর্থতার কারণে রূপগঞ্জে সহিংস ঘটনা ঘটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোয়েন্দা সংস্থার ব্যর্থতার কারণেই নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেনা আবাসন প্রকল্পের নামে জমি কেনা নিয়ে সহিংস ঘটনা ঘটেছে বলে জেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির মাসিক সভায় অভিমত দেওয়া হয়েছে। গতকাল রোববার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা হয়। সভায় সংঘর্ষের ঘটনায় পুলিশ, র্যা ব ও সেনাবাহিনীর করা মামলায় নিরীহ কাউকে হয়রানি না করার দাবি জানানো হয়।সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সামছুর রহমান। এতে বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম, পুলিশ সুপার বিশ্বাস আফজাল হোসেন, সিভিল সার্জন মো. মতিয়ার রহমান, নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান ভূঁইয়া, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা কাউনাইন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান প্রমুখ।সভার সূত্র জানায়, সভায় নারায়ণগঞ্জ-১ আসনের সাংসদ গোলাম দস্তগীর গাজী বলেছেন, রূপগঞ্জে সেনাবাহিনীর আবাসন প্রকল্পের নামে জমি কেনা নিয়ে সমস্যার সমাধানে এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ে সভা হয়েছিল। সামরিক বাহিনীর সঙ্গে আলোচনা হলে তারাও এলাকাবাসীর দাবি মেনে নেয়। কিন্তু তার পরও একটি মহল এলাকাবাসীকে উসকে দিয়েছে। ঘটনার সঙ্গে জনগণ জড়িত নয়। তাদের প্রলোভন দেখিয়ে ব্যবহার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। তিনি বলেন, এ ঘটনায় অনেক নিরীহ মানুষের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পুলিশ, র্যা ব ও সেনাবাহিনীর মামলায় গ্রেপ্তার আতঙ্কে লোকজন এলাকাছাড়া। পুলিশের পক্ষ থেকে নিরীহ মানুষকে হয়রানি করা হবে না বলে ঘোষণা দেওয়া উচিত।সভায় ফতুল্লা আওয়ামী লীগের নেতা শহীদুল্লাহ ও আবদুল হাই বলেন, রূপগঞ্জে সংঘটিত সহিংস ঘটনা গোয়েন্দা সংস্থার ব্যর্থতার কারণেই হয়েছে। গোয়েন্দা সংস্থাগুলো আগাম তথ্য সরবরাহ করলে এ রকম ঘটনা ঘটত না। নিখোঁজ তিনজনের ভাগ্যে কী ঘটেছে, গত আট দিনেও তা জানাতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।জেলা আইনজীবী সমিতির সভাপতি আনিসুর রহমান দীপু বলেন, রূপগঞ্জের ঘটনা গোয়েন্দা সংস্থার চরম ব্যর্থতার বহিঃপ্রকাশ। ঘটনাটি খতিয়ে দেখা জরুরি। রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বলেন, রূপগঞ্জে সেনাবাহিনীর আবাসন প্রকল্পের জমি কেনা নিয়ে সংঘটিত সহিংস ঘটনা অনাকাঙ্ক্ষিত। প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্নেল আরিফের নেতৃত্বে দুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নিয়ে সভায় জানানো হয়েছিল, ওই এলাকায় জমি অধিগ্রহণ করা হবে না। ২৪টি মৌজায় জমি রেজিস্ট্রি চালু করে দেওয়া হবে। ৩০ অক্টোবরের আগে প্রকল্পের ওয়েবসাইটের নকশা পরিবর্তন করা হবে। কিন্তু নির্ধারিত সময়ে সিদ্ধান্ত বাস্তবায়নের আগেই পরিকল্পিতভাবেই এ ঘটনা ঘটানো হয়েছে। মধ্যস্বত্বভোগী, আবাসন কোম্পাানর দালাল ও মালিকেরা ঘটনা সংঘটনের পেছনে অর্থের জোগান দিয়েছিল। তিনি বলেন, ঘটনার আগের রাতে বিএনপির এক কর্মীর বাড়িতে গোপন বৈঠক করা হয়। সেখানে বসেই ঘটনার পরিকল্পনা করা হয়েছে।সিদ্ধিরগঞ্জ পৌরসভার পৌর প্রশাসক আবদুল মতিন প্রধান বলেন, সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনা বেড়ে গেছে। সড়ক দুর্ঘটনা রোধে গতিরোধক নির্মাণ করা প্রয়োজন। মাদক নির্মূলে তিনি ভ্রাম্যমাণ আদালত চালুর দাবি জানান।পুলিশ সুপার বলেন, ইভ টিজিং সামাজিক ব্যাধি। শুধু পুলিশ ও প্রশাসনের পক্ষে ইভ টিজিং রোধ করা সম্ভব নয়। এ ব্যাপারে সবাইকে এগিয়ে আসতে হবে। স্কুল-কলেজের শিক্ষার্থীদের মুঠোফান কিনে না দেওয়ার জন্য তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান। ট্রেন শহরের ভেতরে ঢোকার কারণে চাষাঢ়া থেকে নারায়ণগঞ্জ ১ নম্বর রেলগেইট পর্যন্ত প্রতিদিন ২৩ বার পাঁচ মিনিট করে রাস্তা আটকে রাখা হয়। এ কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়। তিনি নারায়ণগঞ্জ-ঢাকা রুটের ট্রেন চলাচল চাষাঢ়া পর্যন্ত সীমাবদ্ধ রাখার জন্য রেলওয়ে কর্তৃপক্ষকে আহ্বান জানান।জেলা প্রশাসক বলেন, রূপগঞ্জের ঘটনাটি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। ওএমএসের চাল কালোবাজারে বিক্রির ঘটনা গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইভ টিজিং বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এ ব্যাপারে জনসচেতনতা গড়ে তোলা দরকার। সতর্ক থাকতে হবে অভিভাবকদেরও।