গোয়েন্দাদের ভালোবাসায় আপত্তি নেই বিএনএফের
বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) কোনো গোয়েন্দা সংস্থার সৃষ্ট রাজনৈতিক দল নয় বলে দাবি করেছেন দলটির প্রধান সমন্বয়ক আবুল কালাম আজাদ। তিনি বলেন, ‘বিএনএফের নেতা-কর্মীরাই বিএনএফ সৃষ্টি করেছে। বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো যদি বিএনএফের প্রতি ভালোবাসা দেখায় তাহলে আমাদের কোনো আপত্তি নেই।’
আজ রোববার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনএফ আয়োজিত আলোচনা সভায় আবুল কালাম আজাদ এসব কথা বলেন। তিনি বিএনএফ গোয়েন্দা সংস্থার পৃষ্ঠপোষকতায় গঠিত হয়েছে, এ প্রচারণাকে নাকচ করে দেন। একই সঙ্গে সংবিধান অনুসারে নির্বাচন হলে তাতে বিএনএফ নির্বাচনে অংশ নেবে বলে ঘোষণা দেন।
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৩৭তম মৃত্যুবার্ষিকী উদ্যাপন উপলক্ষে ‘মওলানা ভাসানী ও বর্তমান রাজনীতি’ শীর্ষক এই আলোচনার আয়োজন করা হয়। এতে আরও বক্তৃতা করেন বিএনএফের সদস্যসচিব আরিফ মঈন উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান মজলিশ, ফিরোজ কবির, মাহজাবিন ওয়াহিদ, আঞ্জুমান সালাহউদ্দিন প্রমুখ।