গৌতম দাসের পরিবারের জমি দখলমুক্ত
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চণ্ডিদাসদি মহল্লায় সাংবাদিক গৌতম দাসের (সন্ত্রাসীদের হাতে নিহত) পরিবারের ইজারা নেওয়া ৫১ শতাংশ জমি দখলমুক্ত করা হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে ‘বঙ্গবন্ধু ক্লাব’ ও ‘ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে’-এর নামে ওই জমি দখল করা হয়।পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবু ফয়েজ মো. রেজা ও ওই ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবু তালেব সোমবার বিকেলে এ অবৈধ ঘর ভেঙে দেন। সন্ধ্যার মধ্যে জায়গাটি দখলমুক্ত হয়ে যায়।প্রত্যক্ষদর্শী পলাশ মল্লিক জানান, সোমবার বিকাল তিনটার দিকে পৌর মেয়র স্থানীয় কাউন্সিলরকে সঙ্গে নিয়ে ওই অবৈধ স্থাপনা ভেঙে ফেলার কাজে নেতৃত্ব দেন।গৌতমের ভাই ভাঙ্গা কেএম কলেজের অফিস সহকারী সুব্রত দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।আবু ফয়েজ মো. রেজা প্রথম আলোকে বলেন, ‘আমি পত্রিকার মাধ্যমে গৌতম দাসের পরিবারের ইজারা নেওয়া জমি জবরদখল করার ঘটনা জানতে পারি। এলাকায় খোঁজ নিয়ে অভিযোগের সত্যতা পাই। এরপর আমি ওই জায়গা দখলমুক্ত করার জন্য এ পদক্ষেপ নিই।’ভাঙ্গা বাজার থেকে চণ্ডিদাসদি গ্রামে যাওয়ার পথে সাংবাদিক গৌতম দাস সড়কের ডান পাশে কুমার নদের তীরে গৌতম দাসের পারিবারিক এ জমি পানি উন্নয়ন বোর্ড (পাউবো) অধিগ্রহণ করে। অধিগ্রহণ করা ওই জায়গা থেকে ৫১ শতাংশ জমি গত ৩০ অক্টোবর গৌতম দাসের চাচা বিশ্বেশ্বর দাস ইজার নেন। প্রথম আলোর চারের পাতায় সোমবার ‘ভাঙ্গায় গৌতম দাসের পরিবারের ইজারা নেওয়া জমি দখল’ শীর্ষক একটি সচিত্র খবর ছাপা হয়।