গৌতম হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলেজছাত্র গৌতম সরকার হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের শাস্তির দাবিতে গতকাল সাতক্ষীরায় সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয় l ছবি: প্রথম আলো
কলেজছাত্র গৌতম সরকার হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের শাস্তির দাবিতে গতকাল সাতক্ষীরায় সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয় l ছবি: প্রথম আলো

কলেজছাত্র গৌতম সরকার হত্যায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে গতকাল মঙ্গলবার সাতক্ষীরা শহরে সড়ক অবরোধ, মানববন্ধন, মিছিল ও সমাবেশ হয়েছে। সদর উপজেলার ঘোনা ইউনিয়নবাসী, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও মাহমুদপুর সীমান্ত আদর্শ কলেজের শিক্ষার্থীরা যৌথভাবে এসব কর্মসূচি পালন করে।
গতকাল সকাল ১০টার দিকে ইঞ্জিনচালিত ভ্যানে করে হাজার খানেক লোক ফেস্টুন নিয়ে স্লোগান দিতে দিতে ঘোনা থেকে সাতক্ষীরা শহরে আসেন। তাঁরা প্রেসক্লাবের সামনে সাতক্ষীরা-আশাশুনি সড়কে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও মাহমুদপুর সীমান্ত আদর্শ কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মানববন্ধন করেন। পরে সেখানে সড়ক অবরোধ করে সমাবেশ করা হয়। এ সময় জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বনাথ ঘোষের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সরকারি কৌঁসুলি ওসমান গণি, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকাত হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু সাঈদ, সদর উপজেলা ওয়ার্কার্স পাটির সাধারণ সম্পাদক ফাইমুল হক প্রমুখ। সমাবেশ শেষে বিক্ষুব্ধ জনতা শহরের নিউমার্কেট চত্বরে সড়ক অবরোধ করে অবস্থান নেন। বেলা পৌনে দু্ইটার দিকে তাঁদের কর্মসূচি শেষ হয়।
১৩ ডিসেম্বর সাতক্ষীরা সদর উপজেলার মহাদেবনগর গ্রামের ইউপি সদস্য গণেশ সরকারের ছেলে গৌতম সরকার অপহৃত হন। তিনি মাহমুদপুর সীমান্ত আদর্শ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান (অনার্স) প্রথম বর্ষের ছাত্র ছিলেন। চার দিন পর বাড়ির পাশে একটি পুকুরে গৌতমের মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় তাঁর বাবা সাতক্ষীরা সদর থানায় ছয়জনের নাম উল্লেখ করে মামলা করেন। পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।