গৌরনদী ও কালাইয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি ও সাতক্ষীরার কলারোয়ায় একই স্থানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন এবং বিএনপি সভা আহ্বান করায় প্রশাসন ১৪৪ ধারা জারি করে। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালের গৌরনদীতে আয়োজিত অনুষ্ঠানে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে পুলিশি বাধায় জয়পুরহাটের কালাইয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা পণ্ড হয়ে গেছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর: রাঙামাটি: আওয়ামী লীগ ও বিএনপি পৃথক কর্মসূচিতে বাঘাইছড়ি উপজেলা মাঠে সমাবেশ ডাকে। এ অবস্থায় অপ্রীতিকর ঘটনা রোধে প্রশাসন উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করে। দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে বিএনপি ওই সমাবেশের ডাক দেয়। অপরদিকে আওয়ামী লীগ যুদ্ধাপরাধীদের বিচার ও শাস্তির দাবিতে একই স্থানে সমাবেশ আহ্বান করে।প্রশাসন সূত্র জানায়, গত মঙ্গলবার উত্তেজনা প্রশমনে এবং একই সময় কর্মসূচি না দিতে আওয়ামী লীগ ও বিএনপির নেতাদের সঙ্গে আলোচনায় বসে প্রশাসন। কিন্তু রাত ১২টা পর্যন্ত ত্রিপক্ষীয় বৈঠকের পরও কর্মসূচি পালনে আওয়ামী লীগ ও বিএনপি অনড় অবস্থানে থাকে। সাতক্ষীরা: কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, উপজেলা সদরে ছাত্রলীগ বুধবার সম্মেলন করার জন্য কলারোয়া পাইলট হাইস্কুল মাঠ ব্যবহারের অনুমতি নেয়। একই স্থানে বিএনপি কেন্দ্রঘোষিত বিক্ষোভ সমাবেশ করার সিদ্ধান্ত নেয়। সংঘর্ষ এড়াতে ইউএনও গতকাল বেলা দুইটা থেকে কলারোয়া পাইলট হাইস্কুল মাঠসহ উপজেলা সদরে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে ১৪৪ ধারা জারি করেন। গৌরনদী (বরিশাল): উপজেলা ও পৌর যুবদলের একাংশের উদ্যোগে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে শোভাযাত্রা-আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে গৌরনদী বাসস্ট্যান্ডে যুবদলের নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন। সকাল সোয়া ১০টার দিকে শোভাযাত্রা শুরুর প্রাক্কালে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের প্রায় ৫০ জন নেতা-কর্মী লাঠিসোঁটা নিয়ে অতর্কিতে যুবদলের নেতা-কর্মীদের ওপর হামলা চালান।বরিশাল জেলা উত্তর যুবদলের সাধারণ সম্পাদক বদিউজ্জামান অভিযোগ করেন, হামলাকারী ব্যক্তিরা বিএনপির কার্যালয় ভাঙচুর ও আসবাব তছনছ করেছে। এ সময় লাঠির আঘাতে উপজেলা যুবদলের একাংশের আহ্বায়ক মাসুদ হাসান, যুগ্ম আহ্বায়ক ফরিদ মিয়া, ফারুক সরদার, পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. মোল্লা মাহফুজসহ ২০ জন আহত হন। হামলার অভিযোগ অস্বীকার করে উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. হারিছুর রহমান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মাহবুব আলম বলেন, যুবদলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে তাদের নিজেদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। কালাই (জয়পুরহাট): বেলা সাড়ে ১১টার দিকে শহরের কলেজ রোডের ডাসপুকুর মসজিদ মোড় থেকে যুবদলের নেতা-কর্মীরা শোভাযাত্রা বের করার চেষ্টা করেন। এ সময় কালাই থানার উপপরিদর্শক সেলিম মালিকের নেতৃত্বে একদল পুলিশ তাতে বাধা দেয়।পুলিশি বাধার মুখে শোভাযাত্রাটি বিক্ষোভ মিছিলে রূপ নেয়। পরে ওমর সায়েন্স স্কুল রোড হয়ে ডাসপুকুর কলেজ মোড়ে এসে সেখানে প্রতিবাদ সমাবেশে মিলিত হন যুবদলের নেতা-কর্মীরা। কালাই পৌর বিএনপির সভাপতি মতিয়ুর রহমান অভিযোগ করেন, ‘যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী শেষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ করার কথা ছিল। পুলিশের একজন অতি উৎসাহী কর্মকর্তা প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রাতেও বাধা দিয়েছেন।’কালাই থানা পুলিশের উপপরিদর্শক সেলিম মালিক বলেন, ‘মিছিল ও শোভাযাত্রা কিছুই বের না যাবে না। এটা ওসি স্যারের নির্দেশ।’কালাই থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ‘যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালনে পুলিশের পক্ষ থেকে কোনো বাধা দেওয়ার নির্দেশ দেওয়া হয়নি।’কেরানীগঞ্জে পুলিশের লাঠিপেটা: ঢাকার কেরানীগঞ্জের জয়নগর এলাকায় মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত উপজেলা প্রসাশন ১৪৪ ধারা জারি করে। স্থানীয় বিএনপি ও যুবলীগ একই স্থানে সমাবেশ আহ্বান করায় ১৪৪ ধারা জারি করা হয়। এদিকে খোলামোড়া বাজারে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা গতকাল বিকেলে একটি মিছিল বের করলে পুলিশ তাদের লাঠিপেটা করে। এতে বিএনপির তিন নেতা-কর্মী আহত হন। আহত ব্যক্তিরা হলেন মো, আলী (৪০), আবুল খায়ের (২৫) ও সাত্তার হোসেন (২৮)।বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান অভিযোগ করেন, ‘জয়নগর মাঠে আমাদের পূর্বনির্ধারিত সমাবেশ করার কথা ছিল। কিন্তু প্রসাশন ১৪৪ ধারা জারি করায় আমরা স্থানীয় বিএনপি কার্যালয়ে সভা করার সিদ্ধান্ত নিই। কিন্তু সেখানে পুলিশ হামলা করে নেতা-কর্মীদের বের করে দেয়।’কেরানীগঞ্জ মডেল থানার ওসি আসাদুজ্জামান বলেন, জয়নগর মাঠে একই সময় বিএনপি ও যুবলীগ সভা আহ্বান করায় আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না হয়, সে জন্য সেখানে ১৪৪ ধারা জারি করা হয়।