গৌরনদী পৌর শহরের জলাবদ্ধতা কাটছে না
পরিকল্পিত পানি নিষ্কাশন-ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধ হয়ে পড়ছে গৌরনদী পৌরসভার বিভিন্ন এলাকা। ফলে দুর্ভোগের শিকার হচ্ছে এলাকাবাসী।গত কয়েক দিনের বৃষ্টিতে পানিবন্দী হয়ে পড়েছে পৌরসভার প্রাণকেন্দ্র টরকী বন্দরসংলগ্ন সুন্দরদী মহল্লার দেড় শতাধিক পরিবার। এ ছাড়া আশপাশের এলাকাগুলোতেও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। হাঁটুসমান পানি মাড়িয়ে এসব এলাকার বাসিন্দা ও স্কুল শিক্ষার্থীদের চলাচল করতে হচ্ছে। সুন্দরী এলাকার বাসিন্দারা জানান, তাঁরা সাত দিন ধরে পানিবন্দী রয়েছেন। ফলে স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না। শিশু শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাওয়া বন্ধ হয়ে গেছে। এলাকার অনেকের রান্নাঘর পানিতে ডুবে যাওয়ায় রান্না বন্ধ হয়ে গেছে।এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, তাঁরা সাত দিন ধরে পানিবন্দী থাকলেও এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেনের কাছে অসংখ্যবার ধরনা দিয়েও কোনো কাজ হয়নি। কাউন্সিলর দেলোয়ার হোসেন বলেন, সীমাবদ্ধতা থাকায় তাঁরা এ ব্যাপারে কোনো ব্যবস্থা নিতে পারেননি। গৌরনদী পৌরসভার মেয়র হারিছুর রহমান বলেন, বিগত সময়ে অপরিকল্পিতভাবে নালা ও ঘরবাড়ি নির্মাণের কারণে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। পৌরবাসীর ভোগান্তি দূর করতে প্রতিটি ওয়ার্ডে পরিকল্পিত পানি নিষ্কাশন-ব্যবস্থা গড়ে তুলতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।