গৌরনদীতে অবৈধ প্রতিষ্ঠানের নামে তিন কোটি টাকা সংগ্রহ
বরিশালের গৌরনদীতে জালিয়াতির মাধ্যমে সমবায় সমিতির নিবন্ধন নিয়েছে একটি প্রতিষ্ঠান। কিন্তু ওই প্রতিষ্ঠানের বদলে এখন অবৈধভাবে কার্যক্রম চালাচ্ছে অপর একটি প্রতিষ্ঠান। লোভনীয় মুনাফার ফাঁদে ফেলে অপর প্রতিষ্ঠানটি আমানত নেওয়ার নামে তিন কোটি টাকা সংগ্রহ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১১ সালে গৌরনদী উপজেলা সমবায় কার্যালয়ে কয়েকজন সমবায় সমিতির কার্যক্রম চালানোর জন্য নিবন্ধন পেতে আবেদন করেন। ওই আবেদনে মো. হাবিবুর রহমানকে প্রতিষ্ঠানটির সভাপতি, গাজী মফিজুল হককে সহসভাপতি, মুহা. হাবিবুর রহমানকে সাধারণ সম্পাদক ও মো. অলিউর রহমান, শেখ আবদুল্লাহ আল মেহেদী, এম আমজাদ খানকে সদস্য দেখানো হয়। ২০১১ সালের ২০ ফেব্রুয়ারি ম্যাক্সিম আদর্শ বহুমুখী সমবায় সমিতি নামে প্রতিষ্ঠানটি নিবন্ধন পায়।উপজেলা সমবায় কার্যালয় সূত্রে জানা গেছে, নিবন্ধনের আবেদনে তাঁদের স্থায়ী ঠিকানা হিসেবে গৌরনদী উপজেলার কালনা গ্রামের নাম উল্লেখ করেছে। কিন্তু তাঁরা গৌরনদীর বাসিন্দা নন। সভাপতি মো. হাবিবুর রহমানের বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কমলেশ্বর গ্রামে। কিন্তু তিনি গৌরনদীর কালনা গ্রামের স্থায়ী বাসিন্দা হিসেবে কাগজপত্র জমা দেন। পরিচালনা কমিটির ছয়জনের বাড়িই ফরিদপুরের বোয়ালমারিতে। নলচিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা তাঁর ইউনিয়নের বাসিন্দা হিসেবে ভুয়া নাম-ঠিকানা ব্যবহারের বিষয়টি নিশ্চিত করেন। এ বিষয়ে ওই প্রতিষ্ঠানের নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, প্রতিষ্ঠানটি নিজেদের নিয়ন্ত্রণে রাখার জন্য এটা করা হয়েছে।নাম-ঠিকানার পাশাপাশি প্রতিষ্ঠানের নাম ব্যবহারের ক্ষেত্রেও জালিয়াতির অভিযোগ রয়েছে। ম্যাক্সিম আদর্শ বহুমুখী সমবায় সমিতি হিসেবে নিবন্ধন নিলেও গৌরনদী বন্দরের ইটালি মার্কেটের দোতলায় ম্যাক্সিম ফাইন্যান্স অ্যান্ড কমার্স (এমসিসি) লিমিটেড সোসাইটির সাইনবোর্ড লাগিয়েছে। প্রতিষ্ঠানটির প্রস্তাবিকায় (প্রসপেক্টাস) উল্লেখ করা হয়েছে, এখানে মাসিক আমানত. স্থায়ী আমানতসহ ১৯টি খাতে মুনাফা দেওয়া হয়। সবচেয়ে লোভনীয় হচ্ছে এক লাখ টাকায় প্রতি মাসে দুই হাজার টাকা করে দেওয়ার প্রস্তাব। নজরুল ইসলাম, ফাতেমা বেগম ও জাহাঙ্গীর আলমসহ কয়েকজন গ্রাহক জানান, লোভনীয় মুনাফার ফাঁদে তাঁরা আমানাত রেখেছেন। শামছুল আলম খান নামে অপর এক গ্রাহক জানান, তিনি পাঁচ লাখ টাকা আমানত রেখেছেন। জালিয়াতির বিষয়টি প্রকাশিত হওয়ার পর টাকা ফেরত চাইলে তাঁরা টালবাহানা শুরু করেন। নাম প্রকাশ না করার শর্তে ম্যাক্সিমের একজন সংগঠক জানান, তিনি ২৫-৩০ জন গ্রাহকের কাছ থেকে প্রায় অর্ধকোটি টাকা এনে প্রতিষ্ঠানে জমা দিয়েছেন। প্রতিষ্ঠানটি প্রায় দুই হাজার গ্রাহকের কাছ থেকে সাড়ে তিন কোটি টাকা সংগ্রহ করেছে। তবে এ কথা অস্বীকার করে ব্যবস্থাপক সেকেন্দার আলী বলেন, দুই হাজার নয়, তাঁদের এক হাজার গ্রাহক আছে। তাঁদের কাছ থেকে আড়াই কোটি টাকার আমানত সংগ্রহ করা হয়েছে।উপজেলা সমবায় কর্মকর্তা মো. খোরশেদ আলম জানান, সমবায় সমিতি বিধিমালা ২০০৪-এর ১২(২) অনুচ্ছেদ অনুযায়ী কোনো শাখা খুলতে হলে নিবন্ধকের অনুমতি নিতে হয়। কিন্তু এমসিসি কোনো অনুমোদন না নিয়ে আগৈলঝাড়া, পিরোজপুর, কুয়াকাটা, ঝালকাঠিসহ ১২টি শাখা খুলছে। বরিশাল যুগ্ম নিবন্ধকের কার্যালয় থেকে গত ২ মে ও গৌরনদী উপজেলা সমবায় কার্যালয় গত ১০ মে পরিচালনা কমিটির কর্মকর্তাদের জাতীয় পরিচয়পত্রের কপি, বৈধ কাগজপত্র জমা দেওয়ার এবং বিধি ও আইন পরিপন্থী লেনদেন বন্ধ রাখার নির্দেশ দিয়ে চিঠি দেয়। কিন্তু তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।বরিশাল জেলা সমবায় কর্মকর্তা মো. আবুল বাশার বলেন, ম্যাক্সিমের প্রতারণার বিষয়টি তদন্ত হচ্ছে। তাদের আমানাত সংগ্রহের কার্যক্রম অবৈধ। বরিশালের যুগ্ম নিবন্ধক অঞ্জন কুমার সরকার বলেন, অভিযোগের সত্যতা রয়েছে। একাধিকবার চিঠি দিয়ে তাদের কাগজপত্র চাওয়া হয়েছে। কিন্তু তারা কাগজপত্র জমা দেয়নি।