গৌরনদীতে আ.লীগ ছাত্রলীগ কর্মীদের সংঘর্ষে আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলা সদরে গত মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগের নেতার ওপর হামলা চালিয়ে হাট-বাজার ইজারার দরপত্র ছিনিয়ে নিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে ১৫ জন আহত হন। দরপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগে ছাত্রলীগের ১০ জন নেতা-কর্মীর বিরুদ্ধে গৌরনদী থানায় মামলা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গত মঙ্গলবার ছিল উপজেলার হাট-বাজার ইজারার দরপত্র দাখিলের শেষ দিন। উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মতলেব হোসেন মাতুব্বর দরপত্র জমা দিতে দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে রওনা হন। এ সময় তাঁর প্রতিপক্ষ ছাত্রলীগের নেতা-কর্মীরা দরপত্র জমা না দেওয়ার জন্য তাঁকে হুমকি দেন। সাড়ে ১২টায় মতলেব হোসেন দরপত্র নিয়ে উপজেলা চত্বরে পৌঁছালে সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সহসভাপতি মনির হোসেন ও তাঁর সমর্থকেরা মতলেব হোসেনের পথরোধ করেন। তাঁরা মতলেব হোসেনের কাছ থেকে দুটি শিডিউল ও দুই লাখ ২৭ হাজার ২০০ টাকার নয়টি পে-অর্ডার ছিনিয়ে নেন। এ সময় তিনি চিৎকার দিলে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁকে মারধর করেন। খবর পেয়ে খাঞ্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঘটনাস্থলে এলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে কমপক্ষে ১৫ জন আহত হন।গৌরনদী থানার ওসি মো. নুরুল ইসলাম মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।