গৌরনদীতে আ.লীগ নেতার বাড়িতে হামলা, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল্লী বিদ্যুতের সংযোগ দেওয়ার বিরোধকে কেন্দ্র করে গত শুক্রবার বরিশালের গৌরনদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার ও মাহিলাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসেনের বাড়িতে হামলা হয়েছে।
প্রতিপক্ষের হামলায় পরিবারের পাঁচ সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছেন আনোয়ার হোসেন। এ ঘটনায় তাঁর দুই ছেলেকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, উপজেলার মাহিলাড়া বাজারের ব্যবসায়ী আবদুল জলিল মাহিলাড়া ইউনিয়নের পূর্ব বেজহার গ্রামে তাঁর বাড়িতে বিদ্যুতের সংযোগ নেওয়ার জন্য এক বছর আগে আবেদন করেন। কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে ঠিকাদারের লোকজন বিভিন্ন সময়ে আনোয়ার হোসেনের বাড়ির পোল থেকে সংযোগ দেওয়ার চেষ্টা করেন। তবে নতুন ঘর নির্মাণে সমস্যা হবে জানিয়ে বিদ্যুতের সংযোগ দিতে বাধা দেন আনোয়ার হোসেন। শুক্রবার বেলা পৌনে দুইটায় মাহিলাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মামুন রাঢ়ির নেতৃত্বে ব্যবসায়ী আবদুল জলিল ও ঠিকাদারের লোকজন সংযোগ দিতে যান। এ সময় আনোয়ার হোসেন তাঁদের বাধা দেন। বাগ্বিতণ্ডার একপর্যায়ে তাঁর দুই ছেলে রাসেল (২৫) ও রাজীব (২২) লোকজন নিয়ে তাঁদের ধাওয়া দিয়ে তাড়িয়ে দেন। এর জের ধরে বেলা সোয়া দুইটায় ইউপি সদস্য মো. মামুন ও তাঁর সমর্থক ৫০-৬০ জন আনোয়ার হোসেনের বাড়িতে যান। পরে ইউপি চেয়ারম্যান সৈকত গুহ ঘটনাস্থলে যান। এ ঘটনায় পুলিশ আনোয়ার হোসেনের দুই ছেলে রাসেল ও রাজীবকে আটক করে।
আনোয়ার হোসেন বলেন, ‘সন্ত্রাসীরা অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালিয়েছে। আমার পরিবারের পাঁচ সদস্যকে পিটিয়ে আহত করেছে। চেয়ারম্যান সৈকত গুহ নিজেও আমাকে মারধর করেছেন।’
মো. মামুন রাঢ়ি হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, আনোয়ার হোসেনের বাধার কারণে দীর্ঘ এক বছর ধরে ব্যবসায়ী জলিলের বিদ্যুতের সংযোগটি বন্ধ রয়েছে। সংযোগ দিতে গেলে আনোয়ার ও তাঁর ছেলেরা হামলা করেন।
চেয়ারম্যান সৈকত গুহ বলেন, ‘বিদ্যুতের সংযোগ দেওয়াকে কেন্দ্র করে পূর্ব বেজহারে সংঘাতের সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে যাই। কিন্তু আনোয়ার ও তাঁর ছেলেরা পরিকল্পিতভাবে আমার ওপর হামলা চালিয়েছেন।’
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন বলেন, সংঘাতের খবর পেয়ে ইউপি চেয়ারম্যান ঘটনাস্থলে গেলে আনোয়ার হোসেনের লোকজন তাঁর ওপর চড়াও হন। পরিস্থিতি সামাল দিতে তাঁর দুই ছেলেকে আটক করা হয়। তাঁদের ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল শনিবার জেলহাজতে পাঠানো হয়েছে। কোনো পক্ষই মামলা দায়ের করেনি।