গৌরনদীতে আগুনে ১০ দোকান পুড়ে ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের সাকোকাঠি বাসস্ট্যান্ডে গত মঙ্গলবার রাতে আগুনে ১০টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে।
ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সুমন মীরার কাপড়ের দোকান থেকে ব্যাটারিচালিত গাড়ির ব্যাটারি চার্জ করা হয়। মঙ্গলবার রাতেও ব্যাটারি চার্জে দিয়ে সুমন বাড়িতে যান। রাত দুইটার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পার্শ্ববর্তী দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় লোকজন গৌরনদী ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় লোকজনের চেষ্টায় দুই ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মঞ্জুর হোসেন বলেন, আগুনে সুমনের দোকান ছাড়াও কমল দাসের চালের আড়ত, সাহস ঋণদান সমবায় সমিতির কার্যালয়, অমূল্য পোদ্দারের চায়ের দোকান, সুনীল পোদ্দারের গার্মেন্টস, শ্যামল শীলের দোকান, গোকুল দাসের মুদি দোকান, আবুল কালামের লাইব্রেরি, গৌতম সাধুর মুদি দোকান ও একটি জুতার দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়।