গৌরনদীতে কথিত কবিরাজ আটক
চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে বরিশালের গৌরনদী উপজেলার বেজহার গ্রামের লোকজন গত সোমবার কথিত এক কবিরাজকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে। গতকাল মঙ্গলবার মামলা করার পর তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার দক্ষিণ নাঠৈ (গোবর্দ্ধন) গ্রামের হাফেজ সরদার দীর্ঘদিন ধরে নিজেকে কবিরাজ পরিচয় দিয়ে চিকিৎসার নামে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। মাহিলাড়া ইউনিয়নের ভীমেরপাড় গ্রামের স্কুলছাত্র আজিজ মিয়া জানায়, তার দিনমজুর বাবা মানসিক ভারসাম্যহীন রোগী। গত বছরের অক্টোবরে লোকমুখে শোনার পর সে বাবাকে নিয়ে হাফেজ সরদারের কাছে যায়। পরে হাফেজ প্রায় তিন মাস তার বাবার চিকিৎসা দেন। আজিজ মিয়ার অভিযোগ, হাফেজ বিভিন্ন কৌশলে চিকিৎসার নামে তার কাছ থেকে নগদ এক লাখ ১৮ হাজার টাকা ও ২৫ হাজার টাকা দামের একটি গাভি হাতিয়ে নেন। চিকিৎসা হিসেবে তার বাবার ওপর নির্যাতন করা হয়। তিন মাস চিকিৎসার পরও তার বাবার শারীরিক কোনো উন্নতি হয়নি।জয়শুরকাঠী গ্রামের আল-আমিন খলিফা অভিযোগ করেন, তাঁর মা মরিয়ম বেগমের চিকিৎসার নামে হাফেজ ৫৪ হাজার ৮০০ টাকা নেন এবং চিকিৎসার নামে মারধর করা হয়। মাহিলাড়া গ্রামের আবদুর রহিম সরদার অভিযোগ করেন, গত ডিসেম্বরে তাঁর মেয়ে তাসলিমা পেটের ব্যথায় অসুস্থ হয়। ফকির হাফেজ তাঁর বাড়িতে চিকিৎসা দিতে এসে রাতে খাবারের সঙ্গে চেতনানাশক দ্রব্য খাইয়ে সবাইকে অচেতন করে ঘরের মূল্যবান মালপত্র নিয়ে পালিয়ে যান।গত সোমবার উপজেলার বেজহার গ্রামের আবুল হাসান ও রিঙ্কু সরদারের বাড়িতে চিকিৎসা দিতে যান হাফেজ। এ সময় রোগীদের চিকিৎসার নামে মারধর শুরু করলে রোগীর স্বজন ও গ্রামবাসী তাঁকে গণধোলাই দিয়ে মাথা ন্যাড়া করে আটকে রাখে। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। গতকাল মঙ্গলবার ভীমেরপাড় গ্রামের আজিজ মিয়া গৌরনদী থানায় একটি মামলা করে।এ ব্যাপারে হাফেজ বলেন, ‘আমি ভণ্ড না, অনেক রোগী আমার চিকিৎসায় ভালো হয়।’গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, হাফেজ চিকিৎসার নামে প্রতারণা করে আসছিলেন।