গৌরনদীতে কলেজের অধ্যক্ষকে অপসারণের দাবিতে বিক্ষোভ
বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষকে অপসারণ ও তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। এই দাবিতে ওই কলেজের শিক্ষার্থীরা বৃহস্পতি, শুক্র ও শনিবার বিক্ষোভ মিছিল, ধর্মঘটসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। শিক্ষার্থীরা ওই অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে এনে এসব কর্মসূচি পালন করেন।কর্মসূচির শেষ দিনে শনিবার ছাত্ররা কলেজে ভাঙচুর চালান এবং অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দেন। ছাত্ররা কলেজের পরিচালনা পরিষদের সভাপতি স্থানীয় সাংসদের কাছে অধ্যক্ষের অপসারণ দাবি করে লিখিতভাবে আবেদন করেছেন। শিক্ষার্থীদের অভিযোগ সূত্রে জানা গেছে, দুর্নীতি ও অনিয়ম করে কলেজের অধ্যক্ষ ফিরোজ ফোরকান আহম্মেদ কলেজের প্রায় ২০ লাখ টাকা আত্মসাত্ করেছেন। এসব অভিযোগের পর কলেজ পরিচালনা পরিষদের সদস্য মো. আবু সাঈদ চোকদারকে আহ্বায়ক করে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযোগের সত্যতা রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে ওই প্রতিবেদনে অধ্যক্ষকে আত্মসাত্ করা টাকা ফেরত দেওয়ার জন্য বলা হয়। এ নির্দেশকে উপেক্ষা করে অধ্যক্ষ আজ পর্যন্ত ওই টাকা ফেরত দেননি। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে কলেজের সাধারণ শিক্ষার্থীরা অধ্যক্ষ ফিরোজ ফোরকান আহম্মেদের অপসারণসহ তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিতে তিন দিনের কর্মসূচি গ্রহণ করেন। অনিয়ম ও দুর্নীতির কথা অস্বীকার করে কলেজের অধ্যক্ষ ফিরোজ ফোরকান আহম্মেদ বলেন, কতিপয় ব্যক্তি কলেজের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এর অংশ হিসেবে এসব কর্মসূচি পালন করা হচ্ছে। এসব কর্মসূচির সঙ্গে কলেজের সাধারণ শিক্ষার্থীদের কোনো সম্পৃক্ততা নেই।