গৌরনদীতে কাজিসহ কনের বাবা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলার কমলাপুর গ্রামে ইচ্ছার বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী খাদিজা আকতারের বিয়ে রেজিস্ট্রি করার অভিযোগে গত রোববার বিয়ের কাজি ও কনের বাবাকে আটক করেছে পুলিশ। স্কুলছাত্রীর অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়।খাদিজা আকতার ও পুলিশ সূত্রে জানা গেছে, কমলাপুর গ্রামের মো. খালেক মেলকার এক বছর আগে তাঁর মেয়ে খাঞ্জাপুর পাঙ্গাসিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী খাদিজা আকতারকে একই গ্রামের সেকেন্দার হোসেনের ছেলে হেমায়েত উদ্দিনের (৩০) সঙ্গে গোপনে বিয়ে দেন। সেকেন্দার হোসেন বিপুল ধনসম্পদের মালিক। উপজেলার বার্থী ইউনিয়নের কাজি (বিয়ে রেজিস্ট্রার) মাওলানা আ. জালাল খান এ বিয়ে রেজিস্ট্রি করেন। পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষার সনদ অনুযায়ী খাজিদা আকতারের বয়স ১১ বছর তিন মাস।খাদিজা আকতার অভিযোগ করে, এক বছর আগে এ বিয়ে রেজিস্ট্রি করা হলেও সে কিছুই জানে না। এর কোনো কাগজপত্রেও সে স্বাক্ষরও করেনি। গত জানুয়ারি মাসে তার বাবা তাকে বিয়ের কথা জানিয়ে বরের বাড়ি পাঠিয়ে দেওয়ার চেষ্টা চালান। খাদিজা এতে রাজি না হলে তাকে মারধর করা হয়। এরপর গত ২০ ফেব্রুয়ারি তাকে মারধর করে বরের বাড়ি পাঠানো হয়। এর দুই দিন পর সে বরের বাড়ি থেকে পালিয়ে তার আত্মীয়ের বাড়িতে আত্মগোপন করে। ৩ মার্চ তার বাবা বিয়ে না দেওয়ার আশ্বাস দিয়ে তাকে বাড়ি ফিরিয়ে আনেন। গত রোববার তিনি পুনরায় খাদিজাকে বরের বাড়ি পাঠানোর প্রস্তুতি নেন। বিষয়টি টের পেয়ে খাদিজা ওই দিন বেলা সাড়ে ১১টায় পালিয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাহাঙ্গীর হোসেনের কার্যালয়ে হাজির হয়ে লিখিতভাবে ঘটনাটি জানায়।খাদিজা বলে, ‘স্যার, মোরে বিয়া থেইক্কা বাঁচন। মুই লেহাপড়া করতে চাই। বিয়ার লাইগ্যা মোর বাপে মোরে খালি মারে।’ এ সময় সে নির্যাতনের চিহ্ন দেখায়।মাওলানা মো. জালাল খান বলেন, ‘আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করেন।’ খালেক মেলকারকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, ‘লোভে নয়, এমনিতেই মেয়ের বিয়ে দিয়েছিলাম।’গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল ইসলাম বলেন, কাজির বিরুদ্ধে মামলা দায়েরসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।জাহাঙ্গীর হোসেন বলেন, ইচ্ছার বিরুদ্ধে একটি অল্পবয়সী মেয়েকে বিয়ে দেওয়া অন্যায় এবং নারী ও শিশু নির্যাতনের শামিল।