গৌরনদীতে কৃষকের পানের বরজ গুঁড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা
বরিশালের গৌরনদী উপজেলার বোরাদী গরমঙ্গল গ্রামের এক কৃষকের ৫০ শতাংশ জমির পানবরজ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার নলচিড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যের নেতৃত্বে তাঁর সহযোগীরা এ ঘটনা ঘটিয়েছে বলে ভুক্তভোগী কৃষক আলাউদ্দিন হাওলাদার অভিযোগ করেছেন। এ ব্যাপারে আলাউদ্দিন গতকাল গৌরনদী থানায় মামলা করেছেন।মামলার এজাহার, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, নলচিড়া ইউনিয়নের বোরাদী গরমঙ্গল গ্রামের আলাউদ্দিন হাওলাদার পৈতৃক ৫০ শতাংশ জমিতে পান চাষ করে পরিবার নিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। আলাউদ্দিনের সঙ্গে একই গ্রামের বাসিন্দা ও নলচিড়া ইউপির ২ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল জলিল হাওলাদারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। গতকাল সকাল নয়টার দিকে জলিল হাওলাদার ১০-১২ জন সহযোগীসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আলাউদ্দিনের বরজে হামলা চালায়। তারা পুরো বরজ গুঁড়িয়ে দেয়। আলাউদ্দিনের দাবি, এতে তাঁর পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ইউপি সদস্য আবদুল জলিল হাওলাদার বলেন, ‘হামলা হয়েছে শুনেছি। তবে এ ঘটনায় আমি কিংবা আমার কোনো লোক জড়িত নয়।’এ ঘটনায় গতকাল বিকেলে আলাউদ্দিন ইউপি সদস্য আবদুল জলিল হাওলাদারসহ ১২ জনকে আসামি করে গৌরনদী থানায় মামলা করেছেন।