গৌরনদীতে খাল খননের নামে লুটপাট!
বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নে দুই কিলোমিটার খাল খননের নামে কয়েক লাখ টাকা লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ঠিকাদারি প্রতিষ্ঠান নির্দেশনা অনুযায়ী খাল খনন না করে বরং ব্যাপক দুর্নীতি করায় সরিকল ইউনিয়নের শাহজিরা, সাকোকাঠি ও আশপাশের এলাকার শত শত কৃষক সম্প্রতি বিক্ষোভ করেছেন। সরেজমিনে গিয়ে এলাকাবাসী, স্থানীয় লোকজন, বিক্ষুব্ধ কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সরিকল ইউনিয়নের পশ্চিম শাহজিরা বটতলা থেকে আগরপুর সেতু পর্যন্ত দুই কিলোমিটার খাল নাব্যতা হারানোয় গত বোরো মৌসুমে সেচের জন্য ইউনিয়নের সাতটি গ্রামের তিন হাজার কৃষকের ভোগান্তি পোহাতে হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) বরিশাল খালের ওই দুই কিলোমিটার অংশ খননের জন্য গত বছর ২৬ নভেম্বর দরপত্র আহ্বান করে। গত ২০ জানুয়ারি মেসার্স এমডি মতিউর রহমান এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এর কার্যাদেশ পায়। ২০ ফেব্রুয়ারি খালের খননকাজ শেষ করার কথা ছিল। গত ২১ এপ্রিল খাল খননকাজের উদ্বোধনের পরপরই ঠিকাদার কাজ বন্ধ রাখেন। বর্ষা মৌসুমে গত ২০ জুন ঠিকাদার খননকাজ শুরু করেন বলে এলাকাবাসী জানান। ঠিকাদারি প্রতিষ্ঠান গত ৩০ জুন বিল তুলে নেয়। ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে এই কাজ করেছেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য আকবর হোসেন। নাম প্রকাশ না করার শর্তে বিএডিসি বরিশালের একজন কর্মকর্তা জানান, নিয়ম অনুযায়ী খালটির তলদেশে প্রস্থে ১৫ ফুট এবং সাড়ে চার ফুট গভীর করে খননের কথা রয়েছে। গত ১৮ জুলাই সরেজমিনে দেখা গেছে, খালটির কোথাও খননকাজের চিহ্ন নেই। স্থানীয় সেকেন্দার হোসেন হাওলাদার, মোশারফ হোসেন মুন্সি অভিযোগ করেন, ঠিকাদার কোনো কাজই করেননি; শুধু খালের দুই পাশের লতাপাতা কেটে খালের পানিতে ফেলে দিয়েছেন। কোনো কোনো স্থানে খালের ওপরের অংশের কাদামাটি হাত দিয়ে কোনোরকম সরিয়ে দায়সারাভাবে কাজ শেষ করেছেন। গত ১২ জুলাই কৃষক ও স্থানীয়রা খাল খননে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে বিএডিসি বরিশালের উচ্চতর উপসহকারী প্রকৌশলী মতিলাল রায় বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। কিন্তু কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। এ কারণে এলাকার লোকজন সম্প্রতি এলাকায় বিক্ষোভ করেন। স্থানীয় মোশারফ হোসেন বলেন, এটা বলা চলে খাল খননের নামে সরকারি অর্থ লুটপাট। সাকোকাঠি গ্রামের মনির হোসেন বলেন, খাল কাটার নামে দুই পাশের জঙ্গল পরিষ্কার করা হয়েছে মাত্র। ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য সৈয়দ মিজানুর রহমান বলেন, এ খালে কোনো কাজ হয়নি। এলাকাবাসীর পক্ষে কথা বলতে গিয়ে ঠিকাদারের লোকজনের হাতে আমাকে লাঞ্ছিত হতে হয়েছে। স্থানীয় কৃষকেরা বলেন, খালটি খনন না হওয়ায় আগামী ইরি-বোরো মৌসুমে পানির অভাবে ইউনিয়নের শাহজিরা, সাকোকাঠি, শিংগা, মহিষা, আধুনা গ্রামের তিন হাজার কৃষক চাষাবাদ থেকে বঞ্চিত হতে পারেন। ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক এমডি মতিউর রহমান বলেন, ‘আওয়ামী লীগের নেতা আকবর হোসেন আমার লাইসেন্সের নামে কাজটি নিয়ে তিনি নিজেই করেছেন। এ কাজ সম্পর্কে আমি কিছুই জানি না।’ আকবর হোসেন বলেন, ‘প্রকল্প এলাকার মানুষের অসহযোগিতার কারণে কাজটি ঠিকমতো করা যায়নি। অভিযোগের কারণে কর্তৃপক্ষ আমার বিলের আড়াই লাখ টাকা কেটে রেখেছে।’ তিনি দাবি করেন, তাঁর কারণে নয়, কর্তৃপক্ষের কারণে কাজ শুরু করতে দেরি হয়েছে। মতিলাল রায় বলেন, ‘কৃষকদের অভিযোগের আংশিক সত্যতা রয়েছে। এ জন্য ঠিকাদারকে কিছু কম বিল দেওয়া হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, খালের এক কিলোমিটার অংশের কাজের মান খারাপ হয়েছে।’