গৌরনদীতে চিকিৎসক লাঞ্ছিত, বাসভবনে ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলায় মা ও শিশুকল্যাণ কেন্দ্রের প্রধান কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) চিকিৎসক আবদুস সামাদ গতকাল শুক্রবার বিক্ষুব্ধ লোকজনের হাতে লাঞ্ছিত হয়েছেন। দুর্নীতির প্রতিবাদ ও তাঁর অপসারণের দাবিতে এলাকাবাসী বিক্ষোভ মিছিল এবং বাসভবন ভাঙচুর করার সময় তিনি লাঞ্ছিত হন।বিক্ষুব্ধ লোকজন চিকিৎসক আবদুস সামাদকে তাঁর বাসভবনে এক ঘণ্টা অবরোধ করে রাখেন।এলাকাবাসী, পুলিশ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার পশ্চিম শাওড়া গ্রামের সাইদুল ইসলাম তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী সুপ্তি আক্তারকে নিয়ে মঙ্গলবার সকালে মা ও শিশুকল্যাণ কেন্দ্রে যান। এ সময় চিকিৎসক আবদুস সামাদ রোগীকে দেখে কেন্দ্রে সেবা না দিয়ে পাশের আনোয়ারা প্রাইভেট ক্লিনিকে পাঠান। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর সন্তান ভূমিষ্ঠ হয়।সাইদুল ইসলাম বলেন, ‘গতকাল সকালে স্ত্রী ও নবজাতককে বাড়ি নেওয়ার জন্য চিকিৎসক সামাদের কাছে গেলে তিনি ১৫ হাজার টাকা চান। কিন্তু এত টাকা না থাকায় পাঁচ হাজার টাকা দিয়ে ছাড় করিয়ে নিতে চাইলে তিনি আমার সঙ্গে দুর্ব্যবহার করেন। পরে বিষয়টি আমার আত্মীয় পৌর ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মামুন মিয়াকে জানাই। মামুন কেন্দ্রে গিয়ে ওই চিকিৎসকের কাছে এ বিষয়ে জানতে চাইলে তাঁর সঙ্গেও তিনি খারাপ ব্যবহার করেন।’ মামুন মিয়া অভিযোগ করেন, চিকিৎসক সামাদ তাঁকেও অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন।ঘটনা জানাজানি হলে সকাল ১০টায় এলাকার ৩০০-৪০০ লোক জড়ো হয়ে জুতা ও ঝাড়ু নিয়ে বিক্ষোভ মিছিল করে ওই কেন্দ্রে যান এবং ওই চিকিৎসকের অপসারণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। ওই সময় বিক্ষুব্ধ কয়েকজন লোক চিকিৎসককে লাঞ্ছিত করলে তিনি আত্মরক্ষার্থে দৌড়ে বাসভবনে ঢুকে কলাপসিবল গেট আটকে দেন। এর পর ক্ষুব্ধ লোকজন বেলা সোয়া ১১টা পর্যন্ত তাঁকে বাসভবনে অবরোধ করে রাখেন এবং বাসভবনের দরজা-জানালা ভাঙচুর করেন।গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, খবর পেয়ে সোয়া ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।আবদুস সামাদ বলেন, ‘কয়েক দিন আগে যুবলীগের নেতা লিটন বেপারী আমাকে গালাগাল করে ও মারতে আসেন। বিষয়টি পৌর মেয়র, ইউএনও, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা প্রশাসককে জানানোর কারণে মিথ্যা অভিযোগে আমার ওপর হামলা করা হয়েছে।’