গৌরনদীতে চেয়ারম্যান ও মেয়রপক্ষের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদীতে দরপত্রের শিডিউল কেনা নিয়ে গতকাল রোববার উপজেলা চেয়ারম্যান মো. শাহ আলম খান ও পৌরসভার মেয়র মো. হারিছুর রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে পৌর কাউন্সিলর, ছাত্রলীগ ও যুবলীগের নেতাসহ কমপক্ষে ১৫ জন আহত হন। মো. শাহ আলম খান জেলা আওয়ামী লীগের সদস্য ও মো. হারিছুর রহমান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

সংঘর্ষ চলাকালে উপজেলা চেয়ারম্যান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী ও হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ের দরজা-জানালা, আসবাব এবং ১৬টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

জানা যায়, এলজিইডির বার্ষিক উন্নয়ন প্রকল্পের (এডিপি) অধীনে উপজেলার খাঞ্জাপুর, বার্থী, চাদশী, নলচিরা ও বাটাজোর ইউনিয়নের সাতটি সড়ক নির্মাণের প্রকল্প বাস্তবায়নের জন্য ২৪ এপ্রিল ৪৪ লাখ ৩৯ হাজার ৯৬১ টাকার দরপত্র আহ্বান করা হয়। ২৯ এপ্রিল শিডিউল কেনার শেষ দিন। গতকাল পর্যন্ত ১২টি শিডিউল বিক্রি হয়।

আওয়ামী লীগের একটি সূত্র জানায়, মো. শাহ আলম খান, ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ ও নারী ভাইস চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার (মেরী) দরপত্রে সমঝোতার উদ্যোগ নেন। কিন্তু হারিছুর রহমান সমঝোতার বিরোধিতা করেন।

উপজেলা এলজিইডি কার্যালয়ের অফিস সহকারী মো. হারুন অর রশিদ জানান, গতকাল বেলা দুইটায় মেয়রের সমর্থক প্রিন্স শিডিউল কিনতে এলে চেয়ারম্যানের সমর্থকেরা বাধা দেন। দুপক্ষের বাগিবতণ্ডার একপর্যায়ে প্রিন্স শিডিউল না কিনেই চলে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা আড়াইটার দিকে ৫০-৬০ জন যুবক লাঠিসোঁটা নিয়ে উপজেলা কমপ্লেক্সে ঢুকে উপজেলা চেয়ারম্যান, এলজিইডি ও হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ের দরজা-জানালা ও আসবাব ভাঙচুর করেন। এ সময় উভয় পক্ষের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা আতঙ্কিত হয়ে দিগ্বিদিক ছোটাছুটি করেন। সংঘর্ষ চলাকালে ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান, পৌর কাউন্সিলর মো. টিটু খান, উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য রুবেল হাওলাদারসহ ১৫ জনের মোটরসাইকেল ভাঙচুর করা হয়। সংঘর্ষে টিটু খান, সৈয়দ মাহাবুব আলম, যুবলীগের নেতা রুবেল হাওলাদার, জাকারিয়া, মো. চিশতীসহ অন্তত ১৫ জন আহত হন। বেলা পৌনে তিনটায় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শাহ আলম খান অভিযোগ করেন, মেয়রের সমর্থকেরা আকস্মিকভাবে কার্যালয়ে ইটপাটকেল ছোড়েন এবং দরজা-জানালা ভাঙচুর করেন।

অভিযোগ অস্বীকার করে মেয়র হারিছুর রহমান বলেন, ‘চেয়ারম্যানের সমর্থক যুবলীগের কর্মী কাওছার ও তুহিন উপজেলা এবং পৌর আওয়ামী লীগসহ আমার মা-বোনকে তুলে গালিগালাজ করেন। এ খবর পেয়ে আমার সমর্থকেরা উপজেলা কমপ্লেক্সে গিয়ে প্রতিবাদ জানান। আমি খবর পেয়ে জ্যেষ্ঠ নেতাদের নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুদ হাসান পাটোয়ারী বিভিন্ন কার্যালয়ে ভাঙচুরের কথা স্বীকার করে বলেন, বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।