গৌরনদীতে জমি দখলে বাড়িতে হামলা-ভাঙচুর
বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়নের নরসিংহলপট্টি গ্রামের মুক্তাজান বিবির বাড়িতে প্রতিপক্ষের লোকজন হামলা ও ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই বাড়ির ৪ শতাংশ জমির দখল নিতে গত মঙ্গলবার এ হামলা করা হয়। এ ঘটনায় গতকাল বুধবার মুক্তাজানের ছেলে অলিউর রহমান মামলা করেছেন।অলিউর রহমান অভিযোগ করেন, ২০০৪ সালে ভূমি জরিপের সময় আশোকাঠি গ্রামের শাহজাহান ঘরামী তাঁদের ৪ শতাংশ জমি তাঁর নামে রেকর্ড করে নেন। ২০১২ সালে শাহজাহান ভাড়াটে সন্ত্রাসীদের নিয়ে তাঁদের বাড়ি দখল করতে যান। তিনি এ বিষয়ে বরিশাল সহকারী জজ আদালতে মামলা করেন। আদালত ওই জমির ওপর ওই সালের ১৬ জুন স্থগিতাদেশ জারি করেন। মুক্তাজান বিবি অভিযোগ করেন, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শাহজাহান ও তাঁর সহযোগী চাঁদশী ইউনিয়ন পরিষদের সদস্য লালু সরদার ১৫-২০ জন সন্ত্রাসী নিয়ে তাঁদের বাড়িতে হামলা চালান। পরে তাঁরা বাড়ির একটি ঘর ভেঙে মালামাল লুট করে নিয়ে যান এবং জমি দখল করে একটি নতুন ঘর তোলেন।শাহজাহান জানান, তিনি ২০০৪ সালে করম আলীর কাছ থেকে ৪ শতাংশ জমি কিনেছেন। মঙ্গলবার তিনি নিজের জমি দখল নিয়েছেন। ইউপি সদস্য লালু সরদার বলেন, ‘জমি দখল ও ওই বৃদ্ধার বাড়িতে হামলার ঘটনায় আমার কোনো সম্পৃক্ততা নেই।’