গৌরনদীতে জমি নিয়ে সংঘর্ষ, চারজন টেঁটাবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর গ্রামে জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে গত শুক্রবার দুপুরে চারজন টেঁটাবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে।প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের বাসিন্দা বাটাজোর বন্দরের ব্যবসায়ী মো. সিরাজ ব্যাপারীর সঙ্গে প্রতিবেশী মো. দাদন ব্যাপারীর দীর্ঘদিন ধরে একখণ্ড জমি নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার দুপুরে সিরাজ ব্যাপারী ওই জমিতে কাজ করতে গেলে দাদন ব্যাপারী ও তাঁর সাত-আটজন সমর্থক দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেন। এ সময় সিরাজের চিৎকারে তাঁর বাড়ির লোকজন তাঁকে রক্ষায় এগিয়ে এলে দুই পক্ষে সংঘর্ষ হয়। হামলায় সিরাজ ব্যাপারী, তাঁর স্ত্রী খাদিজা বেগম, মা আলেয়া বেগম ও ভাবী সুফিয়া বেগম টেঁটাবিদ্ধ হন। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।আহত সিরাজ ব্যাপারী অভিযোগ করেন, দাদনের নেতৃত্বে সাত-আটজন লোক অস্ত্রশস্ত্র নিয়ে আকস্মিকভাবে হামলা চালায়।দাদন ব্যাপারী বলেন, ‘আমার জমিতে সিরাজ গাছ লাগাতে এলে বাধা দেওয়ায় হাতাহাতির ঘটনা ঘটেছে। তবে ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ সত্য নয়।’গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল ইসলাম বলেন, সিরাজের ভাই মো. শাহ আলম ব্যাপারী বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে শুক্রবার বিকেলে একটি মামলা করেছেন।