গৌরনদীতে ট্রাক উল্টে মহাসড়কে ছয় ঘণ্টা যান চলাচল বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার কটকস্থলে গতকাল সোমবার ভোরে মালবাহী ট্রাক উল্টে গেলে প্রায় ছয় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এতে দক্ষিণাঞ্চলের ছয় জেলার একমাত্র মহাসড়কের দুই দিকে শত শত যানবাহন আটকা পড়ে। স্থানীয় হাইওয়ে থানার পুলিশ ও স্থানীয়দের সহায়তায় বেলা ১১টায় দুর্ঘটনাকবলিত ট্রাকটি মহাসড়ক থেকে সরানোর পর পুনরায় যান চলাচল শুরু হয়। গৌরনদী হাইওয়ে থানার কর্মকর্তা ছবির উদ্দিন সিকদার জানান, ভোমরা থেকে ভারতীয় পেঁয়াজভর্তি ওই ট্রাকটি রোববার রাত ১১টায় বরিশালের উদ্দেশে রওনা হয়। সোমবার ভোর পাঁচটায় কটকস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাঠভর্তি একটি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় ছয় ঘণ্টা পর মালবাহী ট্রাকটি মহাসড়কের ওপর থেকে অপসারণ করে।