গৌরনদীতে ট্রাকচাপায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের মাহিলাড়া মঠ এলাকায় আজ শনিবার সকাল সাতটার দিকে ট্রাকচাপায় দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

নিহত ব্যক্তিরা হলেন মাহিলাড়া গ্রামের দিনমজুর মো. সালাউদ্দিন মিয়া (৫০) ও কালাম মোল্লা (৩৫)। আহত ব্যক্তিরা হলেন আরেক দিনমজুর মাসুম সরদার (২৫) ও ট্রাকচালক আবদুল লতিফ দেওয়ান (৫০)। তাঁদের মধ্যে আবদুল লতিফকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও মাসুম সরদারকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ অধীর চন্দ্র হালদার জানান, মাহিলাড়া মঠ এলাকায় বরিশাল থেকে ছেড়ে আসা ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে তিন পথচারীকে চাপা দেন। এতে দুজন ঘটনাস্থলে নিহত হন। ট্রাকের চালক গাছের সঙ্গে চাপা পড়ে আটকে ছিলেন। দমকল বাহিনী হাইড্রলিক স্পেজার (বিশেষ ধরনের যন্ত্র) দিয়ে তাঁকে উদ্ধার করেছে।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এজাজুল ইসলাম জানান, ঢাকা-বরিশাল মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এ ঘটনায় মামলা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।