গৌরনদীতে ট্রাক টেম্পো সংঘর্ষ শিশুসহ নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলার বেজহার এলাকায় ট্রাক ও টেম্পুর মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ১০ জন আহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামের ধীরেন কীর্তনিয়া (৬০), গৌরনদী উপজেলার টিকাসার গ্রামের কালাম খলিফা (২৫) ও এক অজ্ঞাতনামা শিশু (৯)।

পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-বরিশাল মহাসড়কের বেজহার এলাকায় গতকাল সকাল সোয়া নয়টায় বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে বাটাজোরগামী একটি টেম্পোর মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই টেম্পোর যাত্রী ধীরেন কীর্তনিয়া মারা যান এবং কালাম খলিফা, বাটাজোর গ্রামের সরোয়ার হোসেন (৪০), রমজানপুর গ্রামের বাবুল (৪০), আগৈলঝাড়ার জয়ন্ত ব্যাপারী (৩৫), জামাল হাওলাদার (৪৫), অজ্ঞাতনামা এক শিশুসহ ১০ জন আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথিমধ্যে কালাম ও অজ্ঞাতনামা শিশু মারা যায়। গুরুত্বর আহত অন্যদের গৌরনদী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও বরিশাল শেরেবাংলা মেডিকেলকলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, এ ঘটনায় গৌরনদী হাইওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ট্রাকটি আটক করেছে।