গৌরনদীতে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলার বিভিন্ন এলাকায় ডায়রিয়ায় আক্রান্ত শিশুর সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। গত এক সপ্তাহে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অর্ধশতাধিক রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া উপজেলার সাতটি ইউনিয়নের স্বাস্থ্যকেন্দ্রে আরও দুই শতাধিক ডায়রিয়ার রোগী চিকিৎসা নিয়েছেন। জানা গেছে, এক সপ্তাহ ধরে প্রচণ্ড গরম পড়ায় ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। গতকাল শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রুনু বেগম, উপজেলার বাহাদুরপুর গ্রামের দিনমজুর নুর আলমের ছয় বছরের ছেলে রেজাউল, বার্থী গ্রামের ইমরান (১৪ মাস), রফিকুল (৮), সাওড়ার জুলায়েত শরীফ (১৭ মাস), বায়েজিদ (দেড় বছর), সরিকল গ্রামের আশামনি (৭ মাস), চরফতেপুর গ্রামের অথৈ (১), উত্তর বিজয়পুরের শিহাব হাসান (সাড়ে ৩ বছর), রাজিহারের আবদুল্লাহ (৯), কুরিরচরের সাফিয়া বেগম (৫০), কমলাপুরের খালেক মোল্লা (৬০), পিঙ্গলাকাঠীর মস্তফা (৩৫)। গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রবীন্দ্রনাথ গাইন বলেন, ‘তীব্র গরমে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং দিন দিন আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তবে আতঙ্কের কোনো কারণ নেই। পর্যাপ্ত স্যালাইন ও ইঞ্জেকশন মজুদ রয়েছে।’