গৌরনদীতে প্রতিপক্ষের বিরুদ্ধে বিএনপির প্রার্থীদের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী পৌরসভা নির্বাচনে সরকারদলীয় প্রার্থীর সমর্থকেরা প্রতিপক্ষ প্রার্থীর লোকজনকে জীবননাশের হুমকি, মাইকিং করতে ও প্রচারণা চালাতে বাধা দিচ্ছে বলে বিএনপি-সমর্থিত মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা অভিযোগ করেছেন।উপজেলা বিএনপির সাবেক সভাপতি বর্তমান মেয়র ও চারদলীয় জোট-সমর্থিত মেয়র পদপ্রার্থী মো. নুর আলম হাওলাদার গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, তাঁকে নির্বাচনী কাজে বাধা দেওয়া হচ্ছে। তিনি বলেন, গত বুধবার সন্ধ্যায় তাঁর আনারস প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণা চালাতে মাইক নিয়ে তাঁর সমর্থক সোহাগ তালুকদার (২৪) রিকশাযোগে যাচ্ছিলেন। পৌর এলাকার দিয়াসুর মাতবরবাড়ি এলাকায় পৌঁছালে মহাজোট মনোনীত প্রার্থী গৌরনদী উপজেলা যুবলীগের সভাপতি মো. হারিসুর রহমানের সমর্থকেরা হামলা চালিয়ে সোহাগ তালুকদারকে মারধর করে মাইক ছিনিয়ে নেয়। অভিযোগ সম্পর্কে মহাজোটের মেয়র পদপ্রার্থী মো. হারিসুর রহমান বলেন, ভোটারদের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর জন্য অপপ্রচার চালানো হচ্ছে। অন্যদিকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও পৌর বিএনপির সাবেক সহসভাপতি গোলাম মোর্শেদ পান্না অভিযোগ করেন, গত ২২ ডিসেম্বর সরকারদলীয় প্রতিপক্ষের লোকজন তাঁকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি প্রদান করে। তিনি বিষয়টি রিটার্নিং অফিসার ও স্থানীয় প্রশাসনকে লিখিতভাবে অবহিত করেন।