গৌরনদীতে ফরিদ হত্যার ঘটনায় ছাত্রলীগের দুই নেতা কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরিদ জমাদ্দারকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের দুই নেতাকে অবশেষে কারাগারে পাঠানো হয়েছে। গত সোমবার বরিশালের জ্যেষ্ঠ বিচারিক হাকিম তসলিম আরিফ তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।ওই দুই নেতা হলেন, গৌরনদী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. নয়ন শরীফ ও সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সহসভাপতি মো. কাজল হাওলাদার। এ ঘটনায় হওয়া হত্যা মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, গত বছরের ২২ সেপ্টেম্বর সকালে সন্ত্রাসীরা শিক্ষক ফরিদ জমাদ্দারকে কুপিয়ে হত্যা করে। ওই দিনই নিহতের ভাই শাহজালাল বাদী হয়ে ছাত্রলীগের নেতা নয়ন শরীফ, কাজল হাওলাদারসহ ছয়জনকে আসামি করে থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান এজাহারভুক্ত ছাত্রলীগের দুই নেতাকে বাদ দিয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২২ জানুয়ারি মামলার বাদী ওই অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি দেন। এরপর আদালতের নির্দেশে বরিশাল জ্যেষ্ঠ বিচারিক হাকিম তসলিম আরিফ মামলাটি বিচার বিভাগীয় তদন্ত করেন। তিনি অভিযোগপত্র থেকে বাদ দেওয়া ছাত্রলীগের দুই নেতার হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পান। ৩ সেপ্টেম্বর ছাত্রলীগের ওই দুই নেতার বিরুদ্ধে সমন জারি করেন আদালত।আদালতের সমন পাওয়ার পর গত সোমবার ছাত্রলীগের নেতা নয়ন শরীফ ও কাজল হাওলাদার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।