বরিশালের গৌরনদী উপজেলায় গতকাল শুক্রবার বিএনপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলা চালিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। তাঁরা একটি মাইক্রোবাস ভাঙচুর করেন। এতে বিএনপি ও যুবদলের পাঁচ নেতা-কর্মী আহত হন।
বিএনপির নেতা-কর্মী, প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গৌরনদী উপজেলায় বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন মিয়ার পক্ষে গতকাল সকালে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় গণসংযোগ করেন দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী ও চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা শাহজাহান ওমর। গণসংযোগ শেষে বেলা সোয়া ১১টার দিকে তাঁরা বরিশালের উদ্দেশে রওনা হন।
চেয়ারম্যান পদপ্রার্থী আবুল হোসেন মিয়া অভিযোগ করেন, নেতারা বরিশালের উদ্দেশে রওনা হয়ে গৌরনদী বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে লোকাল বাস কাউন্টারের সামনে পৌঁছালে সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুবায়েরুল ইসলামের নেতৃত্বে পাঁচ-সাতজন নেতা-কর্মী লাঠিসোঁটা নিয়ে তাঁদের গাড়িবহরের পেছন দিক থেকে অতর্কিত হামলা চালায়। এ সময় বহরের পেছনে থাকা তাঁর (আবুল হোসেন মিয়া) মাইক্রোবাসের (ঢাকা মেট্রো-গ-১৪-৪৭৩৯) দুই পাশের গ্লাস ভাঙচুর করা হয়।
হামলায় মাইক্রোবাসের মধ্যে থাকা উপজেলা বিএনপির সহসভাপতি কালাম খান, ছাত্রবিষয়ক সম্পাদক শামীম হাওলাদার, যুবদলের নেতা জব্বার খান, সাহাবুদ্দিন বেপারী ও আরিফ হোসেন আহত হন।
ছাত্রলীগের নেতা জুবায়েরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি ফোন ধরেননি। উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মাহাবুব আলম বলেন, হামলার সঙ্গে ছাত্রলীগের কোনো নেতা-কর্মী জড়িত ছিলেন না।
যোগাযোগ করা হলে গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, বিএনপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার কোনো ঘটনা ঘটেনি। নেতারা চলে যাওয়ার পর চেয়ারম্যন পদপ্রার্থী আবুল হোসেন মিয়া ও তাঁর সমর্থকদের সঙ্গে ছাত্রলীগের নেতা-কর্মীদের বাগিবতণ্ডার ঘটনা ঘটে।