গৌরনদীতে বিদ্যালয় চত্বর থেকে ছাত্রী অপহরণ
বরিশালের গৌরনদী উপজেলায় কয়েকজন সন্ত্রাসী গত বুধবার ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে বিদ্যালয় চত্বর থেকে অপহরণ করেছে। বিদ্যালয় চলাকালে এ ধরনের ঘটনায় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার গৌরনদী থানায় মামলা দায়ের করা হয়েছে।প্রত্যক্ষদর্শী শিক্ষক, শিক্ষার্থী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই ছাত্রীকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে মৈস্তারকান্দি গ্রামের শাওন (১৯) উত্ত্যক্ত করতেন। বুধবার দুপুর ১২টায় ইংরেজি প্রথম পত্রের ক্লাস শেষ করে বারান্দা দিয়ে কমনরুমে যাওয়ার সময় শাওনের নেতৃত্বে সাত-আটজন সন্ত্রাসী ওই ছাত্রীকে মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে যায়। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে শাওন, মৈস্তারকান্দি গ্রামের সুমন খাঁ, উত্তর বাউরগাতি গ্রামের বেলালসহ সাত-আটজনের বিরুদ্ধে অপহরণের অভিযোগে মামলা করেছেন।এ বিষয়ে শাওনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, অপহূত স্কুলছাত্রীকে উদ্ধার ও আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।