গৌরনদীতে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়নের উত্তর চাঁদশী গ্রামে গত বৃহস্পতিবার বিকেলে বিদ্যুতের তারে জড়িয়ে দুজনের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন উপজেলার বাঙ্গিলা গ্রামের কৃষক ঠান্ডু কারিকার (৪০) ও নছিমনচালক সোনাজুল হাওলাদার (৩০)।
পুলিশ ও এলাকাবাসী জানান, ঠান্ডু কারিকার বৃহস্পতিবার বেলা দুইটার দিকে গরুর ঘাস কাটতে উত্তর চাঁদশী গ্রামের রতন খানের পানের বরজের কাছে সাত কাপলা এলাকায় যান। তিনি বাড়ি ফিরে না আসায় স্বজনেরা অনেক খোঁজাখুঁজি করে রাত নয়টার দিকে ওই বরজের পাশে বিদ্যুতের ছেঁড়া তারে জড়ানো অবস্থায় তাঁর লাশ দেখতে পান।
স্থানীয় ব্যক্তিরা জানান, পুলিশ রাত ১১টার দিকে লাশ উদ্ধার করতে গেলে শত শত উৎসুক মানুষ ভিড় জমায়। এ সময় পুলিশের সামনেই ওই গ্রামের সোনাজুল হাওলাদার, সলেমান ব্যাপারী ও জালাল হোসেন ওই ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হন। পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা তাঁদের রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সোনাজুলকে মৃত ঘোষণা করেন। অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের সদস্য সেলিনা বেগম অভিযোগ করেন, প্রথম ব্যক্তি মারা যাওয়ার পরে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের কর্মকর্তাদের সংযোগ বিচ্ছিন্ন করতে বলা হলেও তাঁদের গাফিলতির কারণে দ্বিতীয় ব্যক্তি সবার চোখের সামনে মারা যান।
পল্লী বিদ্যুৎ সমিতির গৌরনদী আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম মো. আবদুল মালেক অভিযোগ অস্বীকার করেছেন। গৌরনদী মডেল থানার ওসি মো. সাজ্জাদ হোসেন বলেন, এ ঘটনায় পল্লী বিদ্যুৎ গৌরনদী আঞ্চলিক কার্যালয়ের প্রকৌশলী আনিসুর রহমান বাদী হয়ে বিদ্যুৎগ্রাহক সুকুমার হালদারকে আসামি করে মামলা দায়ের করেছেন।