গৌরনদীতে ভণ্ড পীরের আস্তানায় ক্ষুব্ধ গ্রামবাসীর ভাঙচুর
বরিশালের গৌরনদী উপজেলার হাঁপানিয়া গ্রামের ভণ্ড পীর আবদুল হালিমের আস্তানায় গত মঙ্গলবার সন্ধ্যায় ব্যাপক ভাঙচুর চালিয়েছে ক্ষুব্ধ গ্রামবাসী। এ সময় হামলায় পীরের সহযোগীসহ ২০ জন আহত হয়।প্রতক্ষ্যদর্শী গ্রামবাসী ও পুলিশ সূত্র জানায়, হাঁপানিয়া গ্রামের মালেক শাহ জীবদ্দশায় স্বাভাবিক জীবন যাপন করতেন। ২০০০ সালে তিনি মারা যান। একই গ্রামের বাসিন্দা ও মাহিলাড়া কলেজের প্রভাষক আবদুল হালিম মৃত মালেক শাহকে পীর আখ্যায়িত করেন এবং নিজেকে তাঁর খাদেম হিসেবে পরিচয় দেন। মালেকের ইচ্ছা অনুযায়ী তাঁকে বসতঘরের মধ্যে দাফন করতে বলেন হালিম। মালেকের স্ত্রী রাবেয়া বেগম এর বিরোধিতা করেন। এ নিয়ে হালিমের সঙ্গে মালেকের পরিবারের বিরোধ সংঘর্ষে রূপ নেয়। এরপর মালেককে তাঁর বসতঘরেই কবর দেওয়া হয়। সেই থেকে হালিম ওই বাড়িতে ‘হযরত মালেক শাহ মাজার’ সাইনবোর্ড ঝুলিয়ে নিজে খাদেম সেজে মাজারের দায়িত্ব নেন। ১০ বছর ধরে কথিত ওই মাজারে বসে হালিম বিভিন্ন রোগের চিকিৎসার নামে পানি পড়া, ঝাড়ফুঁক ও গাছগাছড়া দিয়ে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা। উপজেলার জঙ্গলপট্টি গ্রামের জাহাঙ্গীর হোসেন জানান, তাঁর এক বছর বয়সী ছেলের শ্বাসকষ্ট। তিনি ছেলেকে নিয়ে পীর হালিমের কাছে গেলে ২০০ টাকার বিনিময়ে পানি পড়া দেওয়া হয়। কিন্তু তাঁর ছেলের রোগ সারেনি। কাসেমাবাদ গ্রামের আনোয়ার হোসেন (৫২) বলেন, বাতের রোগী এক নিকটাত্মীয়কে নিয়ে কিছুদিন আগে তিনি হালিমের কাছে যান। চিকিৎসার জন্য হালিম তাঁদের কাছে ১০ হাজার টাকা দাবি করেন। এলাকাবাসী হালিমের চিকিৎসা ভুয়া বলে জানালে তাঁরা আর সেখানে যাননি। হাঁপানিয়া গ্রামের আ. জব্বার, মো. সহিদুল ইসলামসহ অনেকেই অভিযোগ করেন, অবিবাহিত হালিম মাজারের নামে সেখানে তরুণীদের নিয়ে অশ্লীল নৃত্যের আয়োজন করেন। বসে গাঁজার আসর। তাঁরা আরও জানান, গ্রামবাসী এ ধরনের অপকর্মে বাধা দিলে বহুবার সংঘর্ষের ঘটনা ঘটে। গত বছরের ডিসেম্বরে মৃত মালেকের স্ত্রী ও মেয়ে হালিমের অসামাজিক কাজে বাধা দেন। এ নিয়ে বিরোধের একপর্যায়ে হালিমকে ঝাড়ুপেটা করে বাড়ি থেকে বের করে দেন তাঁরা। এরপর ওই কবরস্থান থেকে ২০০ গজ দূরে আবদুল হালিম নিজ বসতঘরে কিছু মাটি ফেলে ‘মালেকের মাজার’ তৈরি করেন। সেখানে নিজেকে পীর আখ্যা দিয়ে তিনি চিকিৎসার নামে প্রতারণা ও অপকর্ম চালিয়ে যান।গত মঙ্গলবার স্থানীয় আনোয়ার হোসেন, মন্নান ফরাজি ও গৌরনদী থানা জামে মসজিদের ইমাম ক্বারি আবদুল আজিজ ওই আস্তানায় গিয়ে হালিমকে এ ধরনের কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান। এতে হালিম ক্ষিপ্ত হয়ে ভক্তদের নিয়ে ওই তিনজনকে লাঞ্ছিত করেন। এ খবর ছড়িয়ে পড়লে সন্ধ্যায় ক্ষুব্ধ জনতা ওই আস্তানায় হামলা চালিয়ে আসনঘর ও বসতঘরে ব্যাপক ভাঙচুর করে। দানবাক্স ভেঙে চুরমার করা হয়। এ ঘটনায় হালিমের ভক্ত আবুল কাসেম (৬০), সুফিয়া বেগম (৫৫), রজিনা আক্তার (১৬), সওকত খলিফা (৪০), মাইনুদ্দিন (৩০), সেকেন্দার সরদার (৬০), সবুজ মৃধা (২৫), পলাশ আকন (১৫), সিরাজ হাওলাদারসহ (২০) ২০ জন আহত হন। গুরুত্বর আহত তিনজনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।