গৌরনদীতে ভণ্ড পীরের বিরুদ্ধে গরু চুরিসহ তিন মামলা
বরিশালের গৌরনদী উপজেলার হাপা-নিয়া গ্রামের ভণ্ড পীর আবদুল হালিম ওরফে আকনের বিরুদ্ধে গরু চুরিসহ তিনটি মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে চিকিৎসার নামে নিরীহ মানুষের সঙ্গে প্রতারণা, অশ্লীল ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে গ্রামবাসীর। গৌরনদী থানা সূত্রে জানা যায়, ২০০৭ সালের ১৬ জানুয়ারি ভোর রাতে আবদুল হালিম তাঁর চার সঙ্গী নিয়ে প্রতিবেশী রাবেয়া বেগমের গোয়ালঘর থেকে পাঁচটি গরু চুরি করেন। এ ঘটনায় পরের দিন হালিমকে প্রধান আসামি করে পাঁচজনের বিরুদ্ধে গৌরনদী থানায় গরু চুরির মামলা করেন রাবেয়া। মামলার তদন্ত কর্মকর্তা গৌরনদী থানার উপপরিদর্শক (এসআই) মধুসূদন রায় ওই বছরের ১৬ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে আদালতে চূড়ান্ত অভিযোগপত্র দাখিল করেন। এ ছাড়া গত বছর হালিমের অপকর্মের বাধা দিলে গ্রামবাসীর ওপর হামলা চালান হালিম ও তাঁর সঙ্গীরা। এ ঘটনায় হাপানিয়া গ্রামের জালাল ফরাজী আদালতে মামলা করেন।হালিম প্রসঙ্গে হাপানিয়া গ্রামের দেলোয়ার হোসেন ও আবদুল জব্বারের প্রশ্ন, একজন দুশ্চরিত্রের লোক কী করে পীর হন। তাঁর নির্যাতনের শিকার অনেক তরুণীই আত্মসম্মানের ভয়ে মুখ খোলেন না। এই পীর হালিম মাহিলাড়া কলেজের ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক। তাঁর সম্পর্কে কলেজের অধ্যক্ষ ফিরোজ ফোরকান বলেন, ‘শুনেছি তিনি দরবার শরিফ করেছেন। তবে কলেজে এসে তিনি স্বাভাবিক কাজকর্ম করেন।’গৌরনদী থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজানুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আবদুল হালিম একজন ভণ্ড। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’