গৌরনদীতে যুবকের হাত পায়ের রগ কর্তন
বরিশালের গৌরনদী উপজেলায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় এক যুবকের হাত ও পায়ের রগ কেটে দিয়েছে একদল দুর্বৃত্ত। গত সোমবার রাতে উপজেলার দক্ষিণ কটকস্থল গ্রামে এ ঘটনা ঘটে।
আহত যুবকের নাম নবীন সরদার (২৭)। তাঁর বাড়ি দক্ষিণ কটকস্থল গ্রামে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার সকালে নবীনের চাচাতো ভাই নূরুল ইসলাম সরদার বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে গৌরনদী থানায় মামলা করেছেন।
মামলার এজাহার সূত্রে আরও জানা গেছে, সোমবার রাত পৌনে নয়টার দিকে উপজেলার বেজগাতি বাসস্ট্যান্ড থেকে নবীন বাড়ি ফিরছিলেন। পথে আলমাদানী সিকদার ও তাঁর সহযোগী হীরা, ফরহাদ, রাসেল, শহীদ ও সোহেল ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নবীনের বাঁ হাত ও পায়ের রগ কেটে ফেলেন এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। তাঁকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আলমাদানী সিকদার ও তাঁর সহযোগীরা নবীনের ওপর হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছেন। আলমাদানী দাবি করেন, তিনি মাদক ব্যবসা করেন না।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আলমাদানী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করছেন। নবীন প্রায়ই আলমাদানী ও তাঁর লোকজনকে এলাকায় মাদক বিক্রি করতে বাধা দিতেন। গৌরনদী থানার ওসি আবুল কালাম জানান, এ ঘটনায় ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে।