গৌরনদীতে যুবলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি হাটের ইজারা নিয়ে বরিশালের গৌরনদী উপজেলায় যুবলীগের দুপক্ষের লোকজনের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। গত বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও গৌরনদী থানা সূত্রে জানা গেছে, উপজেলার ২২টি হাট ইজারা দেওয়ার জন্য জন্য ২৬ জানুয়ারি দরপত্র আহ্বান করা হয়। গত বুধবার বিকেল চারটার দিকে ইউএনওর কার্যালয়ে রাখা বাক্সে দরপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়।দরপত্রে অংশগ্রহণকারী স্থানীয় কয়েকজন জানান, সমঝোতা-প্রক্রিয়ার ভিত্তিতে প্রতিটি হাটের অনুকূলে তিনটি করে দরপত্র জমা দেওয়ার কথা থাকলেও ভুরঘাটা হাটে চারটি দরপত্র জমা পড়ে। এ নিয়ে সেখানে উপস্থিত ঠিকাদারদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে ইউএনও বিষয়টি উপজেলা চেয়ারম্যানকে জানান। উপজেলা চেয়ারম্যান সেখানে ছুটে এসে সিদ্ধান্তের বাইরে দরপত্র দাখিল করায় উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মাহবুব আলমকে গালাগাল করেন।এ খবর ছড়িয়ে পড়লে চেয়ারম্যানের সমর্থক যুবলীগ কর্মীদের সঙ্গে যুবলীগ নেতা মাহবুব আলমের সমর্থকদের সংঘর্ষ হয়। এতে মাহবুব আলমসহ ১০ জন আহত হন। ইউএনও সাঈদ মাহবুব খান জানান, উপজেলার ২১টি হাটের অনুকূলে তিনটি করে দরপত্র জমা পড়লেও ভুরঘাটা হাটে চারটি দরপত্র জমা পড়ে। এ নিয়ে বিরোধ দেখা দেয়। পরে সংঘর্ষের ঘটনা ঘটে।যুবলীগ নেতা মাহবুব আলম অভিযোগ করেন, চেয়ারম্যানের সিদ্ধান্ত উপেক্ষা করে তাঁর ব্যবসায়িক অংশীদার রেজাউল করিম সরদার ভুরঘাটা হাটের জন্য দরপত্র দাখিল করেন। এতে ক্ষিপ্ত হয়ে উপজেলা চেয়ারম্যান তাঁর ওপর চড়াও হন।উপজেলা চেয়ারম্যান শাহ আলম খান বলেন, ‘মাহবুব আলম আমার সমর্থক ফারুককে মারধর করে জখম করেছেন। বিষয়টি জানতে চাইলে মাহবুব আমার সঙ্গে অশোভন আচরণ করেন।’