গৌরনদীতে শিক্ষকদের ক্লাস বর্জন, শিক্ষক সংগ্রাম পরিষদ গঠন
বরিশালের গৌরনদীতে স্কুলশিক্ষক ফরিদ জমাদ্দার হত্যাকাণ্ডের প্রতিবাদে সাত দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনে গতকাল শনিবার শিক্ষকেরা ক্লাস বর্জন কর্মসূচি পালন করেছেন। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের খুনিদের গ্রেপ্তার ও বিচারের আশ্বাসের পরিপ্রেক্ষিতে ক্লাস বর্জন আগামীকাল সোমবার পর্যন্ত স্থগিত করা হয়। তবে আন্দোলন সফল করতে ‘সর্বদলীয় শিক্ষক সংগ্রাম পরিষদ’ গঠন করা হয়েছে।শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার ১২৪টি স্কুলের শিক্ষকেরা কালো ব্যাজ ধারণ করে গতকাল সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ক্লাস বর্জন করেন।দক্ষিণ বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুনসুর আহম্মেদ বলেন, ‘প্রকাশ্যে আমাদের সহকর্মীকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এর প্রতিবাদে আমরা এই কর্মসূচি পালন করছি। বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’ওই বিদ্যালয়ের শিক্ষার্থী শিহাব উদ্দিন ও আয়শা আক্তার জানায়, ‘মোগো এক স্যারেরে গুন্ডারা কোপাইয়া মাইরা হালাইছে। হেইয়ার বিচারের লাইগ্যা স্যারেরা মোগো ক্লাস বন্ধ করছে।’নিহত শিক্ষক ফরিদ জমাদ্দারের কর্মস্থল গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, প্রিয় শিক্ষককে হারিয়ে তাঁর সহকর্মী ও শিক্ষার্থীরা শোকে মুহ্যমান। স্কুলের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম সবাইকে সান্ত্বনা দিচ্ছেন। এদিকে গতকাল দুপুরে বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহ আলম শিক্ষকনেতাদের সঙ্গে উপজেলা পরিষদ মিলনায়তনে বৈঠক করেন। সভার শুরুতেই তিনি ক্লাস বর্জন কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানালে শিক্ষকেরা প্রতিবাদ করেন। একপর্যায়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য স্থানীয় সাংসদ তালুকদার মো. ইউনুস মুঠোফোনে হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের আশ্বাস দিলে শিক্ষকনেতারা ক্লাস বর্জন কর্মসূচি আগামী সোমবার পর্যন্ত স্থগিতের ঘোষণা দেন।