গৌরনদীতে শিশু হত্যার ঘটনায় গ্রেপ্তার ৬
বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের দক্ষিণ পশ্চিমপাড়া গ্রামে গত রোববার এক শিশুকে গলা কেটে হত্যা এবং অপর দুজনকে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করা হয়েছে। শিশুটির বাবা আলমগীর সরদার একই দিন গৌরনদী থানায় মামলাটি করেন। পুলিশ ছয় আসামিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন দক্ষিণ পশ্চিমপাড়া গ্রামের নয়ন বালা (২১), তাঁর বাবা অমল বালা, চাচা দুলাল বালা, চাচি রুনু বালা, পুষ্প বালা ও সুবর্ণ বালা। গতকাল সোমবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, নয়ন বালা গত রোববার সকাল আটটার দিকে দক্ষিণ পশ্চিমপাড়া গ্রামের আলমগীর সরদারের মেয়ে তানিয়া আক্তারকে গলা কেটে (১৩) হত্যা করেন। এ সময় নয়ন তানিয়ার বোন হাসিনাকে কুপিয়ে ও ভাগনি মারুফাকে আছাড় মেরে আহত করেছেন। অমল বালার নির্দেশে নয়ন এই ঘটনা ঘটান।
মামলার তদন্ত কর্মকর্তা গৌরনদী থানার উপপরিদর্শক (এসআই) মো. ইউনুস জানান, খুনের ঘটনায় নয়নের সম্পৃক্ততা থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। নয়নের স্বীকারোক্তি অনুযায়ী ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
নয়ন বালা গত রোববার সকাল সাতটার দিকে তাঁর বড় বোন অনিমা বালার মেয়ে অনন্যা (৪) ও দক্ষিণ পশ্চিমপাড়া আবদুল হক সরদারের ছেলে মনিরকে হত্যাচেষ্টা চালান।