গৌরনদীতে শেষ মুহূর্তে বিএনপির প্রার্থী পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদীর পৌরসভা নির্বাচনে গৌরনদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহ আলম ফকিরের মনোনয়ন চূড়ান্ত করার পর গতকাল বুধবার আকস্মিকভাবে তা পরিবর্তন করে উপজেলা যুবদলের সভাপতি সফিকুর রহমানকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। একই সঙ্গে শাহ আলম ফকিরকে ডামি প্রার্থী ঘোষণা করা হয়েছে।
বিএনপি বরিশাল জেলা ও কেন্দ্রীয় কমিটির একাধিক নেতা বলেন, গত ৩০ নভেম্বর বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, বরিশাল উত্তর জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মেজবা উদ্দিন ফরহাদ, সাধারণ সম্পাদক আকন কুদ্দুসুর রহমান গৌরনদী পৌরসভায় দলীয় মেয়র প্রার্থী হিসেবে গৌরনদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহ আলম ফকিরের নাম চূড়ান্ত করে কেন্দ্রে পাঠান। পরের দিন ১ ডিসেম্বর কেন্দ্র থেকে শাহ আলম ফকিরকে মনোনয়ন দেওয়া হয়।
গতকাল বুধবার বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান স্বাক্ষরিত সংযুক্তি-২ এক চিঠিতে উপজেলা যুবদলের সভাপতি সফিকুর রহমানকে মনোনয়ন প্রদান করা হয়। বরিশাল উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য আকন কুদ্দুসুর রহমান বলেন, শাহ আলম ফকিরের মনোনয়ন পরিবর্তন করে সফিকুর রহমানকে মনোনয়ন দেওয়া হয়েছে। তবে শাহ আলম ফকির ডামি প্রার্থী থাকছেন।
শাহ আলম ফকির মনোনয়ন পরিবর্তনের কথা স্বীকার করে বলেন, ‘দলীয় সর্বশেষ সিদ্ধান্ত আমি মেনে নিয়েছি।’